ভোটগ্রহণ শেষে সিলেটের ১৯ আসনে চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১২, ২০২৬
০৬:৫০ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৬
০৬:৫০ অপরাহ্ন



ভোটগ্রহণ শেষে সিলেটের ১৯ আসনে চলছে গণনা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনে দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণণা।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট শেষ হতেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে চলছে ব্যালট গণনা প্রস্তুতি। এবার সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজন করায় এবার এক ঘন্টা এগিয়ে ভোটগ্রহণ শুরু হয়।   

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এটিই দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনকে ঘিরে সিলেটের নিরাপত্তা ছিল জোরদার। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করেন। পাশাপাশি এক লাখের বেশি সেনাসদস্য মোতায়েন রয়েছেন।

সিলেট বিভাগের ২ হাজার ৯৩৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভাগের ১৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০৫ জন প্রার্থী। বিভাগজুড়ে ভোটার সংখ্যা ৮৪ লাখ ৪৫ হাজার ৭১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ লাখ ১২ হাজার ১৫৭ জন, নারী ভোটার ৪১ লাখ ৩৩ হাজার ৪৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮০ জন। বিভাগে মোট ভোটকক্ষ রয়েছে ১৬ হাজার ৮৮০টি।

জেলা ভিত্তিক তথ্য অনুযায়ী, সিলেট জেলায় ভোটার সংখ্যা ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এখানে কেন্দ্র রয়েছে ১ হাজার ১৬টি। সুনামগঞ্জ জেলায় ভোটার ২০ লাখ ৮০ হাজার ২৩৫ জন এবং কেন্দ্র ৭২০টি। মৌলভীবাজার জেলায় ভোটার ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন, কেন্দ্র ৫৫৪টি। হবিগঞ্জ জেলায় ভোটার ১৮ লাখ ৩৩ হাজার ৯৬২ জন এবং কেন্দ্র ৬৪৭টি।

দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এখন সকলের নজর গণনার ফলাফলের দিকে। ফলাফল ঘোষণার পরই জানা যাবে সিলেটের ১৯ আসনে কারা যাচ্ছেন জাতীয় সংসদে।

সিলেটের সহকারি রিটানিং কর্মকর্তা সাঈদা পারভীন বলেন, সিলেটে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ হয়েছে। ফল গণনা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, তারপর ধীরে ধীরে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসা শুরু হবে। 


এএফ/১১