সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৬
০৪:৩৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৭, ২০২৬
০৪:৩৯ অপরাহ্ন
শিক্ষার্থী মুনিরার আত্মহত্যা, ঢাবির সেই শিক্ষক কারাগারে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচণার মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাড্ডা থানার উপপরিদর্শক কাজী ইকবাল হোসেন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফুল মোহাম্মদ তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন আসামিকে সিএমএম আদালতের হাজতখানায় আনা হলেও শুনানির সময় তাকে আদালতে তোলা হয়নি।
পুলিশের আবেদনে বলা হয়, মামলার তদন্ত চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ এপ্রিল) বিকাল ৩টা ২০ মিনিটে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে সুদীপ চক্রবর্তীকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় গ্রেপ্তার এই ঢাবি শিক্ষকের প্রমাণ পাওয়া যাচ্ছে উল্লেখ করে পুলিশ জানায়, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন। পাশাপাশি ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও উল্লেখ করা হয়।
এর আগে রোববার রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে কিছু আর্থিক লেনদেন ও ব্যক্তিগত প্রসঙ্গ উল্লেখ ছিল বলে জানা গেছে। চিরকুটে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া...।’
পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুদীপ চক্রবর্তীকে আসামি করে মামলা করা হয় এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়।
জিসি / ০৪