নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৬
১১:৫৪ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২১, ২০২৬
১১:৫৪ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও সিলেট বিভাগে বিএনপির পাঁচ বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠে থেকে গেছেন। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিভাগটির ১৯টি আসনে মোট ২৬ জন প্রার্থী সরে দাঁড়ালেও স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির এই পাঁচ নেতা শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেননি।
নির্বাচনী মাঠে থাকা বিএনপির বিদ্রোহী পাঁচ প্রার্থী হলেন— সিলেট-৫ আসনে জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), হবিগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, মৌলভীবাজার-৪ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু, সুনামগঞ্জ-৩ আসনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন এবং সুনামগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন।
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, বিদ্রোহী প্রার্থীদের কারণে এই পাঁচটি আসনে বিএনপি ও তাদের জোট শরিকদের প্রার্থীরা চাপে পড়তে পারেন।
সিলেট জেলায় একমাত্র বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ। চাকসু মামুন নামে পরিচিত এই নেতা সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই আসনটি বিএনপি তাদের জোট শরিক জমিয়তে ইসলামিকে ছেড়ে দিয়েছে। সেখানে জমিয়তের প্রার্থী হয়েছেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার চেয়ারম্যান মো. মহসিন মিয়া। এ আসনে বিএনপির দলীয় প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সদস্য কয়ছর এম আহমদ। তাঁর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন।
অন্যদিকে, সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন শেষে সিলেট বিভাগে বিদ্রোহী প্রার্থীদের অবস্থান ঘিরে নির্বাচনী হিসাব-নিকাশ নতুন করে জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
আরসি-০৫