সিলেট সফরে শ্বশুরবাড়িতেও যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২১, ২০২৬
১০:৪৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২১, ২০২৬
০৪:১০ অপরাহ্ন



সিলেট সফরে শ্বশুরবাড়িতেও যাচ্ছেন তারেক রহমান


সিলেট সফরে এসে শ্বশুরবাড়িতেও যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর বুধবার রাতে তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যাবেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যাবেন। সেখানে তিনি এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।


বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে তারেক রহমান প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। প্রায় ২১ বছর পর তিনি দ্বিতীয়বার সেখানে যাচ্ছেন।

স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে তারেক রহমান বুধবার রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন। বিমানবন্দরের পাশে অবস্থিত গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তাঁর থাকার কথা রয়েছে। রাত ১০টার দিকে তিনি শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হবেন।

দক্ষিণ সুরমার বিরাইমপুরে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বাবার বাড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন পুরনো ঐতিহ্যবাহী বিশাল এ বাড়িতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আসাম প্যাটার্নের টিনশেডের বাংলো টাইপের বাড়ির সংস্কার ও রঙের কাজ চলতে দেখা গেছে দুপুরেও। প্রায় অর্ধশত লোক কাজ করছেন বাড়িটিকে পরিপাটি করে তুলতে।

একই সূত্র জানায়, বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের আত্মীয়স্বজনরা আগেই প্রস্তুতি সম্পন্ন করেছেন। বাড়ির জামাইকে বরণ করতে রাতের খাবারের আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া ও মোনাজাতের ব্যবস্থাও রাখা হয়েছে।

সিলেট বিএনপির এক নেতা জানান, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমান ও জুবাইদা রহমানের বিয়ে হয়। জুবাইদা রহমানের বাবা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। তিনি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শ্বশুরবাড়িতে প্রথম সফরের স্মৃতিচারণা করে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সে সময় গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীসহ তিনিও তারেক রহমানের সঙ্গে ছিলেন। দীর্ঘ বিরতির পর আবার শ্বশুরবাড়িতে যাওয়ার খবরে দক্ষিণ সুরমা উপজেলাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তাঁরা সিলেটি জামাইকে বরণ করতে অপেক্ষায় রয়েছেন।

দলীয় সূত্র জানায়, বুধবার রাতেই মাজার জিয়ারত শেষে তারেক রহমান শ্বশুরবাড়িতে যাবেন। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক কিছু তরুণের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বেলা ১১টার দিকে নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এসব সভায় সংশ্লিষ্ট জেলাগুলোর বিএনপি মনোনীত প্রার্থীদেরও আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তিনি।

আরসি-০২