তারেক রহমানকে বরণ করতে সিলেটের লক্ষাধিক নেতাকর্মী ঢাকায়

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৪, ২০২৫
০৬:০৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৪, ২০২৫
০৬:০৯ অপরাহ্ন



তারেক রহমানকে বরণ করতে সিলেটের লক্ষাধিক নেতাকর্মী ঢাকায়


দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় গেলেও সিলেটে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। বরং প্রিয় নেতাকে স্বাগত জানাতে সিলেট বিভাগ থেকে দুই লাখের বেশি নেতাকর্মী ও সমর্থক ঢাকায় থাকবেন বলে ধারণা দলটির।

সোমবার থেকে নেতাকর্মীরা বড় পরিসরে ঢাকা যাত্রা শুরু করেছেন। বুধবার রাতের ট্রেনেও নেতাকর্মীরা যাত্রা করবেন।

সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন নির্বাচনী আসনের প্রাথমিক মনোনীত দলীয় প্রার্থীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। 

তারা বলেছেন, ‘সিলেট মহানগর থেকে প্রায় অর্ধ লাখের বেশি, জেলা থেকে ২০ হাজার এবং প্রতিটি নির্বাচনী আসন ধরে ধরে নেতাকর্মী মিলিয়ে দুই লাখের বেশি নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে। 

বিএনপির বিভিন্ন সূত্রে জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে গত এক সপ্তাহ ধরেই নেতাকর্মীরা ঢাকা যাত্রা শুরু করেছেন।

যাদের ঢাকায় আত্মীয়-স্বজন বা থাকার ব্যবস্থা আছে তারা পথের দুর্ভোগ এড়াতে আগেভাগে ঢাকায় চলে গেছেন। তবে গত সোমবার থেকে দলবদ্ধভাবে যাওয়া শুরু করেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর থেকে ঢাকামুখী প্রায় প্রতিটি ট্রেনের যাত্রী হয়েছেন কমবেশি। বুধবার রাতে উপবন এক্সপ্রেসে সর্বশেষ নেতাকর্মীরা যাবেন।

এ ছাড়া এই কয়েকদিন ধরে শতাধিক বাসে, ব্যক্তিগত যানবাহনে অসংখ্য নেতাকর্মী ঢাকায় গেছেন। 


এ সংক্রান্ত অন্য সংবাদ-

সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমানই একমাত্র বক্তা


ঢাকায় পৌঁছা নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবর্ধনাস্থল বিশ্বরোড থেকে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের মঞ্চ পরিদর্শন করে ছবিসহ নানা তথ্য শেয়ার করছেন ফেসবুকে। কেউ সেলফি দিচ্ছেন, কেউ লাইভ করছেন। নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘সিলেট মহানগর থেকে ১০০টির বেশি বাসে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।

আজ (বুধবার) ৬০টির মতো বাস ঢাকার উদ্দেশে রওয়ানা দেবে। ছোট ছোট গাড়িতেও অনেকে যাচ্ছেন। ট্রেনে গত দুইদিন ধরে যাওয়া শুরু হয়েছে। বুধবার ভোরের ট্রেন, দুপুর ১২টার ট্রেন এবং বিকাল ৪টার ট্রেনেও অনেকে রওয়ানা দিয়েছেন। সর্বশেষ যাত্রা হবে রাত সাড়ে ১১টায় উপবন এক্সপ্রেস ট্রেনে। সিলেট সদর ও মহানগর মিলিয়ে ৫০ হাজারের বেশি নেতাকর্মী যাচ্ছেন। আমি রাত সাড়ে ১১টার ট্রেনের যাত্রী নেতাকর্মীদের বিদায় দিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেব।’ 

তিনি আরো বলেন, ‘সিলেট হয়ে আমাদের নেতা ঢাকা গেলেও সিলেটে কোনো কর্মসূচি নেই।’

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, ‘আমাদের নেতা সিলেট হয়ে ঢাকা গেলেও সিলেটে কোনো কর্মসূচি নেই। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সবাই ঢাকা যাচ্ছেন। সিলেট জেলা থেকে ২০ হাজারের মতো মানুষ যাচ্ছেন। এ সংখ্যা আরো অনেক বেশি হবে। রাতে বোঝা যাবে। সিলেট জেলা ও মহানগরের প্রায় সব নেতাকর্মীই ঢাকায় থাকবেন।’

এসব বিষয়ে জানতে চাইলে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, ‘সিলেট বিভাগ থেকে দুই লাখ মানুষ ঢাকায় থাকবেন বলে আমাদের ধারণা। বেশিরভাগই এসে গেছেন। মানুষ ট্রেনে, বাসে, ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছেন তারা। অনেকে বিমানেও আসছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত এটি অব্যাহত থাকবে।’ 

তিনি বলেন, ‘সিলেট বিভাগের ১৯টি আসন থেকে আসন ধরে মানুষ ঢাকা যাচ্ছেন। সে হিসেবে কমপক্ষে লাখের উপর উপস্থিতি থাকবে। তবে আমরা যতটুকু দেখছি ও হিসাব পেয়েছি তাতে আশা করছি দুই লাখ ছাড়াতে পারে সিলেট থেকে যাওয়া নেতাকর্মী ও সমর্থকদের সংখ্যা।’


কালেরকণ্ঠ/এএফ-০৬