সিলেটে ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২০, ২০২৫
০৪:৪২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২০, ২০২৫
০৪:৪২ অপরাহ্ন



সিলেটে ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত


সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, যারা মনে করে এক হাদীকে হত্যা করলে জুলাই আন্দোলন নস্যাৎ করা যাবে, তারা ভুল জায়গায় আছেন। একজন হাদীকে হত্যার মধ্য দিয়ে লক্ষ হাদী এই বাংলাদেশে জন্ম নিবে। একইসাথে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ থাকাই হোক আজকের দিনের প্রত্যাশা। যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সিলেটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজার উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

আজ শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে গায়েবানা জানাজার আয়োজন করে সিলেট জেলা জুলাই যোদ্ধা সংসদ৷

জানাজায় অংশ নেন সিলেট মহানগর বিএনপির ভাপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা সালেহ আহমদ খছরু, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী, জামায়াত নেতা মো. আশরাফ আলী ফয়সল, এনসিপি নেতা শিব্বির আহমদ, গোলজার হোসেন, লল্লিক হোসেন চৌধুরী, আশরাফ গাজী, লুৎফুর রহমান, নাসির উদ্দিন রহিম, তোফায়েল আহমদ, জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক লিটন আহমদ, সদস্য সচিব নোমান আহমদ, জুলাই যোদ্ধা আব্দুস সালাম টিপু, জুলাই যোদ্ধা ইকবাল হোসেন, শিক্ষক রাজু আহমদ, রজব আহমদ, সাহেল আহমদ, জাকওয়ান আহমদ, আব্দুল জলিল, জাবেদুর রহমান, সেলিম আহমদ, মো. জুবায়ের আহমদ রুমান, সাফওয়ান আহমদ, নজরুল ইসলাম, মামুন আহমদ সুমন, জুলাই যোদ্ধা রুবেল আহমদ, মঈনুল হক ইমন, শাহীন আহমদ, মুর্শেদ আহমদ, আলী আহমদ, মো. আব্দুল হালিম, তানভীর খান, মাহবুব হোসেন, শিপলু আহমদ।

এছাড়াও শরীফ ওসমান হাদীর এ গায়েবানা জানাজার নামাজে ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ সহ সর্বস্তরের ছাত্রজনতা  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে সিলেটের জেলা প্রশাসক বলেন, ‘এই ধরনের ষড়যন্ত্র যাতে আর সংগঠিত হতে না পারে, সে ব্যাপারে সবাইকে তৎপর থাকতে হবে। আমরা চাই না, হাদীর মত আর কোনো নেতা এরকম ষড়যন্ত্রের শিকার হোক। বহুত হয়েছে, আমরা আর একটিবারও বরদাশত করব না। আমরা যেকোনো মূল্যে এটি প্রতিহত করব।’

সকলের প্রতি আহবান জানিয়ে ডিসি বলেন, আমরা এমন কিছু করব না যাতে মানুষের কষ্ট হয়, সম্পদ বিনষ্ট হয়, নিরীহ মানুষ কষ্ট পায়, রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়, আমাদের ইমেজের ক্ষতি হয়।

কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নিবেন না। সিলেট সম্প্রীতির শহর। যিনি অপরাধ করবেন তাকে শাস্তির আওতায় অবশ্যই আসতে হবে- বলেন মো. সারওয়ার আলম।

এতে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লিরা৷ জানাজা শেষে ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনায় দোআ অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, যে স্বপ্ন থেকে মানুষ মুক্তির আন্দোলন গড়ে তুলেছিল, ৫ আগস্টের পর অনেক কিছুই দেখেছি। ওসমান হাদী আধিপত্যবাদ বিরোধী অকুতোভয় নেতা ছিলেন। তিনি জিয়াউর রহমানকে অনুসরণ করতেন। ওসমান হাদীকে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী হত্যা করেছে। যে গোষ্ঠী নির্বাচন চায় না। সত্য ও ন্যায়ের পক্ষে শত শত হাদী এদেশে তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা৷

এ সময় ওসমান হাদীর খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানানো হয় এবং তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। জানাযার নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেক্ট জামে মসজিদের সহকারি ছানি হাফিজ নুরুল ইসলাম কামাল। 



এএফ/০২