সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৬
০৩:৪৯ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৭, ২০২৬
০৩:৪৯ অপরাহ্ন
প্রবাসে কোনো বাংলাদেশি মারা গেলে তার মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, লন্ডন, আমেরিকা, কানাডাসহ ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তার মরদেহ দেশে আনার ব্যয়ের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা রয়েছে সরকারের। এ প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেলে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিষয়ে মন্ত্রী বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সময় কোনো কর্মীকে ‘আনফিট’ হওয়া সত্ত্বেও ‘ফিট’ দেখিয়ে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।
প্রবাসীদের চিকিৎসাসেবা প্রসঙ্গে তিনি বলেন, সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিকিৎসা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে।
অনুষ্ঠানে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোকে ঘিরে কর্মসংস্থানের নতুন সম্ভাবনার কথাও তুলে ধরেন আরিফুল হক চৌধুরী। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন আইনি সমস্যা সমাধানে ল’ ফার্ম নিয়োগের মাধ্যমে সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
এএফ/০১