সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২০, ২০২৬
০৪:৩৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২৬
০৪:৪৮ অপরাহ্ন
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে। তার ধারবাহিকতায় চট্টগ্রামের ফটিকছড়িতে এবার ৪৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে বারাকা গ্রুপ ও আন্তর্জাতিক অবকাঠামো উন্নয়ন সংস্থা প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)।
প্রায় ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ৪৫ মিলিয়ন ডলারের বিনিয়োগে প্রকল্পটি বাস্তবায়ন করবে যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেড।
শতভাগ স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি। প্রকল্পের জন্য সরকারের সঙ্গে ২০ বছর মেয়াদি চুক্তি রয়েছে। সংশ্লিষ্টদের আশা, দুই বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হলে দেশের জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ৪৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর রাজধানীর হোটেল শেরাটনে এক অনুষ্ঠানের মাধ্যমে বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ জাতীয় নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে। প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বাস্তবায়নাধীন এ প্রকল্প আন্তর্জাতিক অংশীদারত্ব এবং বেসরকারি খাতের অংশগ্রহণের সম্ভাবনাকে তুলে ধরেছে।
এএফ/০১