সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২১, ২০২৬
০৪:৪৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২১, ২০২৬
০৪:৪৭ অপরাহ্ন
শিশুদের অধিকার, ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়াতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘প্রজেক্ট স্বপ্নডানা’র প্রথম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ’ শিরোনামে এ কর্মসূচির আয়োজন করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজ।
বিশ্ব শিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘মাই ডে, মাই রাইটস, মাই ফিউচার’ সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগী সংগঠন হিসেবে ছিল পাঠশালা একুশ। সার্বিক সহযোগিতায় ছিল এডুকেশন ফর চেঞ্জ। এতে পাঠশালা একুশের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
কর্মসূচিতে শিশুদের অধিকার, নির্যাতন, বুলিং, হয়রানি ও অপহরণ প্রতিরোধ এবং ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে আলোচনা, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, গল্প বলা ও অভিনয়ের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি চিহ্নিত করা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে করণীয় এবং প্রয়োজনে অভিভাবক বা বিশ্বস্ত ব্যক্তির সহায়তা নেওয়ার বিষয়ে শিশুদের ধারণা দেওয়া হয়। এ ছাড়া জরুরি সহায়তার জন্য জাতীয় শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮ সম্পর্কেও তাদের জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ কাওসার হোসেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল। বিশেষ অতিথি ছিলেন হাল্ট প্রাইজের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ কাওসার হোসেন আয়োজকদের ধন্যবাদ জানান। শিশুদের কোনো সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে শিক্ষকদের কাছে সহযোগিতা চাওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ শুধু শিশু দিবস উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত কার্যক্রমে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল বলেন, শিশুদের জন্য এ ধরনের সময়োপযোগী আয়োজন তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশুদের সঙ্গে মানসম্মত সময় কাটানো এবং তাদের প্রয়োজনীয় জীবনদক্ষতা ও সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান শিশুদের জাতির ভবিষ্যৎ উল্লেখ করে পড়াশোনার পাশাপাশি ভালো আচরণ, ধর্মীয় ও নৈতিক শিষ্টাচার চর্চা এবং ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সহযোগী সংগঠন পাঠশালা একুশের সাধারণ সম্পাদক রিফাত হোসেন সংগঠনটির যাত্রার শুরুর গল্প তুলে ধরেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের সঙ্গে যৌথভাবে কাজ করার অভিজ্ঞতাকে আনন্দদায়ক বলেও উল্লেখ করেন তিনি।
সমাপনী বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর সাবিহা বখত অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বিশ্ব শিশু দিবসের শুভেচ্ছা জানান। ‘প্রজেক্ট স্বপ্নডানা’র সঙ্গে যুক্ত সদস্য ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠান শেষে শিশুদের মধ্যে উপহার ও খাবার বিতরণ করা হয়।
শিশুদের নিরাপত্তা, অধিকার ও জীবনদক্ষতা বিষয়ে সচেতন করে একটি নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলাই ‘প্রজেক্ট স্বপ্নডানা’র মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।
আরসি-০১