ওসমানীনগরে অ্যাম্বুলেন্স-মাইক্রোবাস-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

ওসমানীনগর প্রতিনিধি


অক্টোবর ০৯, ২০২৬
০৮:২০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৯, ২০২৬
০৮:২০ অপরাহ্ন



ওসমানীনগরে অ্যাম্বুলেন্স-মাইক্রোবাস-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২


সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ থেকে ৭ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসা ঢাকা মেট্রো-চ ১৯-৫০৫৩ নম্বরের একটি মাইক্রোবাস, ঢাকা মেট্রো-ছ ৭১-২৯৪৯ নম্বরের একটি অ্যাম্বুলেন্স এবং সুনামগঞ্জ-থ ১১-৪৮৪৪ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রী চাঁদপুর জেলার সদর উপজেলার মহামায়া গ্রামের সুহেল আহমদ (৪৭) ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে খায়রুল হক (আনুমানিক ৪৫-৫০ বছর) নামের আরও একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ, শেরপুর হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সুহেল আহমদের মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। অপর নিহত খায়রুল হকের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহনও উদ্ধার করে হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় সংগ্রহ এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে মরদেহ হস্তান্তর করবে শেরপুর হাইওয়ে পুলিশ । দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে।


জিএ-০১/এএফ-০৩