ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নতাকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৬, ২০২৬
০৬:০৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২৬
০৬:০৯ অপরাহ্ন



ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নতাকর্মী আহত


সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসারের ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।আহত পরিচ্ছন্নতাকর্মীর নাম রুবেল আহমেদ। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়েতে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মোজাম্মেল। এ সময় তিনি একটি গাড়িতে করে রানওয়েতে টহল দিচ্ছিলেন। রানওয়ের আশপাশে পাখি দেখতে পেয়ে সেগুলো তাড়াতে তিনি শর্টগান দিয়ে গুলি ছোড়েন। ওই গুলি গিয়ে কাছাকাছি থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমেদের কোমরে লাগে। এতে তিনি আহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানান, রানওয়েতে পাখি তাড়ানোর সময় গুলি ছোড়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিয়ম অনুযায়ী, গুলি ছোড়ার আগে গাড়ি থেকে নেমে গুলি করার কথা। তবে ওই আনসার সদস্য গাড়িতে বসেই গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। পরে গুলিটি রুবেলের কোমরে লাগে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, ঘটনাটি ইচ্ছাকৃত নয়, দুর্ঘটনাবশত ঘটেছে। আহত ব্যক্তির অবস্থা গুরুতর নয়। তবে গুলি ছোড়ার ক্ষেত্রে কোনো নিয়ম ভঙ্গ বা দায়িত্বে অবহেলা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।


এএফ/০১