সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৯, ২০২৬
০২:২১ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৯, ২০২৬
০২:২১ অপরাহ্ন
পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদনের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানালেন, তাকে ফেরত আনতে কোনো পাসপোর্ট ইস্যু করা হবে না। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেছেন, দেড় হাজার মানুষ হত্যা করে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত আনতে কোনো পাসপোর্ট ইস্যু করা হবে না। তাকে ফিরিয়ে আনা হবে বন্দি বিনিময় চুক্তির আলোকে।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, রয়টার্স একটি নিউজ করেছে, সেখানে বলা হচ্ছে যে, সাবেক প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট এবং এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ মিশনে আবেদন করেছেন। এই ব্যাপারে আপনাদের সরকারের কাছে কোনো তথ্য আছে কিনা?
এসময় সংবাদিককে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন প্রতিমন্ত্রী। জানতে চান, কে আবেদন করেছেন? সাংবাদিক বললেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর প্রতিমন্ত্রী বললেন, ‘আচ্ছা মানে, একটু হাস্যকর। কীভাবে আবেদন করেছেন? কোন ল’ ফার্ম? কোথাকার ল’ ফার্ম?
সাংবাদিক ম্যাট্রিক্স চেম্বারসের কথা বললে প্রতিমন্ত্রীর মন্তব্য, ‘দেখেন প্রথমে আই উইল আস্ক দ্য ল’ ফার্ম টু নো হু দেয়ার ক্লায়েন্ট ইজ (আমি ল ফার্মকে বলব, তোমার ক্লায়েন্ট সম্পর্কে আগে জেনে নাও)। দেয়ার ক্লায়েন্ট ইজ এ টেরোরিস্ট হু হ্যাজ ফ্লেড বাংলাদেশ (তাদের ক্লায়েন্ট একজন সন্ত্রাসী, যিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন)। কিলিং থাউজেন্ডস অব পিপল ওভার দ্য ইয়ার্স, অ্যাবডাক্টিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং (বছরের পর বছর ধরে তিনি হাজার হাজার মানুষ গুম ও বিচার বহির্ভূতভাবে খুন করেছেন)। তারপর তো পালিয়ে যাওয়ার আগে দেড় মাসে প্রায় দেড় হাজার মানুষ বা আরো বেশি হত্যা করেছেন।
ওই ল ফার্মকে তার ক্লায়েন্ট শেখ হাসিনা সম্পর্কে ভালোভাবে জানার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। বলেছেন, সো গেট টু নো ইউর ক্লায়েন্ট (সুতরাং তোমার ক্লায়েন্ট সম্পর্কে জানো)। ডোন্ট রান আফটার হার স্টিংকি মানি, হার লুটেড মানি, ফ্রম দ্য পিপল অব বাংলাদেশ (তার কালো টাকার পেছনো ছুটো না। যে অর্থ চুরি করা হয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকে)। এক্সারসাইজ সাম এথিক্যাল মরাল বাউন্ডারিজ (কিছু নৈতিক ও নীতিগত সীমারেখা মেনে চলুন)। এন্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ দোজ বাউন্ডারিজ ইউ উইল বি শেইমড ইন দা ওয়ার্ল্ড ( আর যদি আপনার সেই সীমারেখাগুলো না থাকে, তবে আপনাকে এই পৃথিবীতে লজ্জিত হতে হবে)।
এর আগেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমন মন্তব্য করেছিলেন। বলেছিলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট ফেরত চাওয়ার দাবি হাস্যকর। হাজার হাজার মানুষ হত্যার পর তিনি পালিয়ে গেছেন। বন্দিবিনিময় চুক্তির আওতায় একজন খুনি ও সন্ত্রাসী হিসেবে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।’
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর আজ সোমবার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। তিনি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে জমা দিয়েছেন এ আবেদন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পাসপোর্টের জন্য লন্ডনভিত্তিক আইনি সহায়তার প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি লেখা হয়।
চিঠিতে বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’
চিঠিতে বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন সনদের বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত আবেদন নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।
জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে বারবার অনুরোধ করছে বাংলাদেশ সরকার।
অন্তর্বর্তী সরকার আমলে এবং পরে তারেক রহমানের সরকারের সময়ও একাধিকবার কূটনৈতিক পত্র পাঠানো হয়। তবে ভারত সরকার তাতে সাড়া দেয়নি।
এএফ/০২