তাহিরপুরে প্রকল্পে অনিয়ম, কাজ শেষের আগেই গার্ডওয়ালে ফাটল!

তাহিরপুর প্রতিনিধি


নভেম্বর ০৯, ২০২৬
০২:০৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৯, ২০২৬
০২:০৩ অপরাহ্ন



তাহিরপুরে প্রকল্পে অনিয়ম, কাজ শেষের আগেই গার্ডওয়ালে ফাটল!


৮৭ কোটি টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর-তাহিরপুরে ৮৭ কোটি টাকা ব্যয়ে সড়কের কাজ নিয়ে জেলাজুড়ে তোলপাড়। সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি নুরুল ইসলাম। পরিদর্শন শেষে কাজ বন্ধের নির্দেশ দেওয়ায় এমপির বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ তুললেন ঠিকাদার। আর এমপির দাবি অনিয়ম নিয়ে কথা বলায় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের কয়েকটি জায়গায় সেতু নির্মাণ, সেতুর অ্যাপ্রোচ উঁচুকরণসহ বিভিন্ন কাজ চলমান। ৮৭ কোটি টাকার এই প্রকল্পের কাজ করছেন ইসলাম ট্রেডার্সের শফিকুল ইসলাম। সড়কের কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘বলে এগুলো নিম্নমানের বালি সিমেন্ট দিয়ে তো তৈরি করা হইছে। গার্ডওয়াল যেটা দিছে এখনই তারা এই গার্ডওয়াল আপনার প্রায় তিন ফুট চার ফুট হেলে গেছে।’

অন্য একজন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই কাজের নিম্নমান কাজের জন্য যারা জড়িত তাদের যেন আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। সিলিকন যে বালু বিট বালু যেটা দেওয়া হওয়ার কথা ছিল, সেই বিট বালু এখন দেয়া হয় না, দেয়া হচ্ছে মাটি।’

এদিকে গ্রামবাসী মিলে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম হচ্ছে এমন দাবি জানান সংসদ সদস্য নুরুল ইসলামকে। পরে স্থানীয়দের সাথেই প্রকল্পের সালাপপুর ব্রিজের অ্যাপ্রোচ উঁচুকরণের কাজ পরিদর্শন করেন তিনি।

বিভিন্ন জায়গায় ফাটল, গার্ডওয়াল হেলে যাওয়া, নিম্নমানের ইট, বালু, পাথর ব্যবহার, মাটিতে কম্পেকশন না করাসহ বিভিন্ন অনিয়ম দেখে ক্ষোভ জানিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন এমপি।

কাজ বন্ধের নির্দেশনার পর কোটি টাকা চাঁদা না দেয়ায় সরকারি কাজ বন্ধ, নির্মাণকর্মীদের মারধর, নাশকাতার মামলার আসামি করে পুলিশ দিয়ে হয়রানির বিচার চেয়ে এমপির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ করেন ঠিকাদার শফিকুল ইসলাম।

তবে এই অভিযোগের প্রেক্ষিতে সওজের নির্বাহী প্রকৌশলী, সাংবাদিক ও এলাকাবাসীকে নিয়ে ফের প্রকল্প পরিদর্শনে আসেন এমপি।

এ সময় তিনি বলেন, একটি অনুষ্ঠান থেকে যাওয়ার পথে এলাকাবাসী আমাকে দাঁড় করিয়ে নির্মাণকাজে অনিয়মের বিষয়টি তুলে ধরেন। তখন দেখতে পাই সড়কের সদ্য নির্মিত গার্ডওয়াল হেলে পড়েছে।  ব্লক নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। নিম্নমানের ব্লক ব্যবহার করা হচ্ছে। ভিট বালুর বদলে কৃষি জমির মাটি ব্যবহার করা হচ্ছে। 

তিনি বলেন, এই সড়কটি হাওরের চারটি উপজেলার চলাচলের একমাত্র সড়ক। নির্মাণে অনিয়মের কারণে সড়কটি ধ্বসে পড়লে আমার এলাকার মানুষ অশেষ ভোগান্তি পড়বে। তাই আমি নির্মাণ কাজ বন্ধ করে অনিয়ম তদন্তে সড়ক বিভাগকে নির্দেশ দিয়েছি। ঠিকাদারকে ভৎসনা করেছি। কিন্তু এক ঘণ্টা যেতে না যেতেই স্বরষ্ট্রমন্ত্রীর কাছে আমার বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজ অভিযোগ তোলা হয়েছে।

প্রাথমিকভাবে সড়কের কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানান নির্বাহী প্রকৌশলী।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, এমপির উত্থাপিত অভিযোগগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তিনি আরও বলেন, এখানে মাটির প্রেসার বেশি থাকায় গার্ডওয়াল হেলে গেছে। কাজে ত্রুটি পাওয়া গেছে, এগুলা সরিয়ে নেয়ার জন্য বলেছি এবং নেক্সট যাতে কোনো ত্রুটিপূর্ণ ইট না আনা হয়। এটা আমরা নির্দেশনা দিয়ে দিছি ঠিকাদারকে।’

উল্লেখ্য, সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের লালপুর-সালামপুর এলাকায় তিনটি সেতুর সংযোগ সড়ক উঁচুকরণসহ বিভিন্ন সংস্কার কাজ ৮৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে সড়ক বিভাগ। বিগত সরকারের আমলে নির্মাণ কাজ শুরু হয়।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর-তাহিরপুরের পর্যটন এলাকার এই সড়কটি যাতে মজবুত ও টেকসইভাবে নির্মাণ করা হয়, এমন দাবি হাওরাঞ্চলের মানুষের।



এএইচএম-০১/এএফ-০১