শহীদ রুদ্র সেনের নামে স্কলারশিপ ঘোষণা শাবিপ্রবি উপাচার্যের

শাবিপ্রবি প্রতিনিধি


আগস্ট ০৫, ২০২৬
০৮:৪৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৫, ২০২৬
০৮:৪৯ অপরাহ্ন



শহীদ রুদ্র সেনের নামে স্কলারশিপ ঘোষণা শাবিপ্রবি উপাচার্যের


জুলাই আন্দোলনে শহীদ শিক্ষার্থী রুদ্র সেনের নামে স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। বুধবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. খাইরুল ইসলাম  বলেন, ‘শহীদ রুদ্র সেন নিয়ে আমি এরইমধ্যে পরিকল্পনা হাতে নিয়েছি। গত দেড় মাস ধরে বিষয়টি নিয়ে কাজ করছি। সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার (সিইই) ও আর্কিটেকচার বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্কলারশিপের নাম রাখা হয়েছে ‘শহীদ রুদ্র সেন মেমোরিয়াল স্কলারশিপ’। এটি প্রতি বছরের ১৮ জুলাই যেদিন রুদ্র সেন শহীদ হয়েছিলেন, সেদিন দেওয়া হবে।’

তিনি বলেন, ‘স্কলারশিপ হিসেবে প্রথমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে। পরবর্তীতে আমরা বাইরে থেকে ফান্ড আনার চেষ্টা করব। সেটি সম্ভব না হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে এটি সমন্বয় করা হবে। আমি যতদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আছি, ততদিন এটা চালু থাকবে।’

উপাচার্য আরো বলেন, ‘ক্যাম্পাসে শহীদ রুদ্র সেনকে নিয়ে কী ধরনের কার্যক্রম করা যেতে পারে, সে বিষয়টি নিয়ে সিভিল ও আর্কিটেকচার বিভাগের প্রধানসহ আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। স্কলারশিপের পাশাপাশি স্মৃতিস্তম্ভ ও রুদ্র সেন লেককে নতুনভাবে সাজানোর বিষয়গুলো এই কমিটি দেখভাল করবে।’



ওয়াইএফ/০৩