পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শপথে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৫, ২০২৬
০৭:০১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৫, ২০২৬
০৭:০১ অপরাহ্ন



পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শপথে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী


সংবিধান মেনেই শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় আইনগত সহায়তা, সামাজিক সুরক্ষা বিষয়ে এক ব্রিফিংয়ে এ দাবি করেন আইনমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন কি? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বললেন, হ্যাঁ, হুমায়ূন কবির দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেই শপথ নিয়েছেন। আমরা যা করেছি সব সাংবিধানিকভাবেই করেছি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে গত শুক্রবার (২১ আগস্ট) শপথ নেন হুমায়ুন কবির। এর আগে তিনি ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা।

সিলেটে জন্মগ্রহণ করলেও দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন হুমায়ুন কবির। সেখানেই তিনি বেড়ে ওঠেন, নেন উচ্চশিক্ষা। যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। একপর্যায়ে যুক্তরাজ্যের নাগরিকত্বও নেন হুমায়ুন কবির।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শপথের পরই প্রশ্ন তৈরি হয়— হুমায়ুন কবির বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কি?

গতকাল সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে এ বিষয়ে সরাসরি জানতে চাওয়া হয়— ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা?

সে প্রশ্নের জবাব দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বরং সাংবাদিকদের তিনি পাল্টা প্রশ্ন করেছেন, কে এটা নিয়ে নিউজ করেছে, কার এত জ্বালা?

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও বললেন, ‘আমি বাংলাদেশি। এখানে তো বাংলাদেশের... বাংলাদেশি। আমি মনে করি না এমন কেউ আছে যে আমার বাংলাদেশি নাগরিকত্ব বা আমার অবস্থান নিয়ে প্রশ্ন করবে। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাবাদী লোক তো আর করবে না।’


এএফ/০১