নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৬
০৪:২৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৪, ২০২৬
০৪:২৫ অপরাহ্ন
সিলেটে নিজ বাসায় ব্যবসায়ীসহ তিনজনকে হত্যার ১১ দিনের ব্যবধানে এবার নগরীতে নিজ বাসার সামনে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (২৩ আগস্ট) রাতে নগরের শাহপরান থানার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন (৬৫) সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে শাহপরান এলাকার নিজ বাসায় বসবাস করতেন। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চারখাইবাজারে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাসায় ফিরছিলেন শাহাব উদ্দিন। বাসার কাছাকাছি পৌঁছালে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, রাতে স্থানীয় এক ভাই এসে জানান, বাবাকে কারা যেন আটকে রেখেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, বাবাকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়েছে। তার ঘাড় ও গলায় তিনটি কোপের চিহ্ন ছিল। পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছিল। উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী জানান, কারও সঙ্গে তার স্বামীর কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক বিরোধ ছিল না। দুই ছেলে ও দুই মেয়ের জনক শাহাব উদ্দিনের এক ছেলে ফ্রান্সে থাকেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরান (রহ.) থানার ওসি মো. মনির হোসেন সোমবার সকালে বলেন, পুলিশ হত্যাকাণ্ডের আলামত সংগ্রহসহ ঘটনার মূল রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোবারক হোসেন জানান, লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের অভিযান চলছে।
এর আগে গত ১২ আগস্ট সকালে সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ‘নিকুঞ্জ ভিলা’ নামের একটি বাসায় প্রবেশ করে প্রবীণ ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনাকে (২৫) হত্যা করা হয়। এক সপ্তাহের ব্যবধানে নগরীতে আবারও নিজ বাসার সামনে ব্যবসায়ী হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
এএফ/০২