সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৬, ২০২৬
০১:৩৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২৬
০১:৩৪ অপরাহ্ন
সরকারের ব্যয় সাশ্রয় কর্মসূচি এবং পুলিশের জনবল ও যানবাহন সংকটের কারণে ১৮ জন মন্ত্রীর চলাচলের সময় দেওয়া পুলিশের মুভমেন্ট এসকর্ট (প্রটোকল) প্রত্যাহার করা হয়েছে। এই তালিকায় রয়েছেন সিলেটের দুই মন্ত্রী—বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সরকার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ইতিমধ্যে সিদ্ধান্তটি কার্যকর করেছে। এর ফলে ঢাকার মধ্যে চলাচলের ক্ষেত্রে এসব মন্ত্রী আর পুলিশের এসকর্ট সুবিধা পাবেন না। তবে সরকারি সফরে ঢাকার বাইরে গেলে তারা আগের মতোই গানম্যান, হাউস গার্ড এবং প্রয়োজনীয় বিশেষ নিরাপত্তাসুবিধা পাবেন।
মন্ত্রিসভার একটি সূত্র জানিয়েছে, কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের যানবাহন ও জনবল সংকটও এ ক্ষেত্রে বিবেচনায় আনা হয়েছে। কয়েকজন মন্ত্রী নিজেরাও এসকর্ট সুবিধা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন বলে সূত্রটি জানায়।
সরকারি সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের নিরাপত্তা বহরের আকারও কমিয়েছেন। আগে তার চলাচলের সময় চারটি এসকর্ট গাড়ি থাকলেও এখন দুটি গাড়ি ব্যবহার করা হচ্ছে। এরপর যেসব মন্ত্রীর জন্য এসকর্ট সুবিধা অপরিহার্য নয় বলে মনে করা হয়েছে, তাদের এসকর্ট প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
বর্তমানে শুধু ১৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি পুলিশের মুভমেন্ট এসকর্ট সুবিধা পাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং জাতীয় সংসদের পদাধিকারী ব্যক্তিরা।
এসকর্ট সুবিধা প্রত্যাহার হওয়া মন্ত্রীদের তালিকায় সিলেটের খন্দকার আবদুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরীর পাশাপাশি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ আরও কয়েকজন মন্ত্রী রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, সাধারণত একজন মন্ত্রীর মুভমেন্ট এসকর্টে একজন উপপরিদর্শক (এসআই), চারজন কনস্টেবল এবং পুলিশের একটি পিকআপ ভ্যান দায়িত্ব পালন করে। এসব সদস্যের বেতন-ভাতা ও যানবাহনের ব্যয় সরকার বহন করে।
ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এখন থেকে শুধু যাদের নিরাপত্তার প্রয়োজনীয়তা বেশি, তাদেরই চলাচলের সময় এসকর্ট দেওয়া হবে। তবে ভিআইপিদের অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।
পুলিশ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় ১ হাজার ৬৯১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
এএফ/০২