নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬
১০:৪৭ অপরাহ্ন
আপডেট : জুন ১৫, ২০২৬
১০:৪৭ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে এলাকায় আতঙ্ক ছড়ানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন রাসেল উপজেলার রণকেলী উত্তর গ্রামের নানু মিয়ার ছেলে রাসেল আহমদ (২৫), একই গ্রামের মৃত তবারক আলীর ছেলে নাইম আহমদ (২৭) এবং উপজেলার ফুলবাড়ী দক্ষিণ পাড়ার বাসিন্দা শাকিল আহমদ (২৭)।
আজ সোমবার (১৫ জুন) বিকেলে পৌর ও উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনী এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেন কয়েকজন যুবক। তারা সেই মহড়া ফেসবুকে লাইভের পাশাপাশি ভিডিওচিত্র ধারণ করেও সামাজিক যোগাযোগমাধ্যম প্রচার করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি। বিষয়টি পুলিশের নজরে এলে সোমবার বিকেলে উপজেলার রণকেলী উত্তর এলাকায় অভিযান চালিয়ে রাসেল ও নাইমকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলার পৌর এলাকার কদমলতীতে অভিযান চালিয়ে শাকিল আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, অস্ত্রের মহড়ার ঘটনায় ভাইরাল হওয়াদের মধ্যে গ্রেপ্তারকৃত নাইম আহমদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট ছয়টি মামলা রয়েছে। অন্যদিকে শাকিল আহমদের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্রবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মোট ৪টি মামলা রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ফেসবুকে লাইভ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে ‘কিশোর গ্যাংয়ে’র তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। অন্যদিকে এই ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
এএফ/০৫