সীমান্তে শান্তি-নিরাপত্তা বজায় রাখতে একসঙ্গে কাজ করবে বিজিবি-বিএসএফ

সিলেট মিরর ডেস্ক


জুন ১৫, ২০২৬
০৪:৩৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২৬
০৪:৩৭ অপরাহ্ন



সীমান্তে শান্তি-নিরাপত্তা বজায় রাখতে একসঙ্গে কাজ করবে বিজিবি-বিএসএফ

সীমান্তে শান্তি-নিরাপত্তা বজায় রাখতে একসঙ্গে কাজ করবে বিজিবি-বিএসএফ


ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৫৭তম গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উভয় মহাপরিচালক দুই দেশের সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা, যৌথ টহল ও নজরদারি বাড়ানো, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান (মাদক, স্বর্ণ, জাল মুদ্রা, গবাদিপশু) প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে ঐকমত্য হয়। একইসঙ্গে মানবপাচার দমন, ভুক্তভোগীদের উদ্ধার ও পুনর্বাসনে সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে আরও বলা হয়, রোহিঙ্গা সংকট, অবৈধ অভিবাসন এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষ উদ্বেগ ও অবস্থান তুলে ধরে এবং পারস্পরিক তথ্য বিনিময় বাড়ানোর বিষয়ে সম্মত হয়। সীমান্ত পিলার স্থাপন, নদীভিত্তিক সীমান্ত নির্ধারণ, কুশিয়ারা নদীর পানি ব্যবস্থাপনা এবং সীমান্ত ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণ নিয়েও আলোচনা হয়।

উভয় পক্ষ সন্ত্রাসবাদ, চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে `জিরো টলারেন্স‘ নীতি বজায় রাখা এবং নিয়মিত সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য আদান–প্রদান বাড়ানোর বিষয়ে একমত হয়। পাশাপাশি গুজব ও অপপ্রচার রোধে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

জিসি / ০৩