সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী

নিজস্ব প্রতিবেদক


জুন ১২, ২০২৬
০৫:০৩ অপরাহ্ন


আপডেট : জুন ১২, ২০২৬
০৫:০৩ অপরাহ্ন



সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী


সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান লোদী কয়েস লোদী। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩’-এর ধারা ৮(১) অনুযায়ী রেজাউল হাসান লোদীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছর মেয়াদে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

​কয়েস লোদী সিলেট সিটি করপোরেশনে একাধিকবার কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছিলেন। প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

সিলেট সিটি করপোরেশন এলাকা ও এর আশপাশকে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনতে ২০২২ সালে সিউক গঠনের প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ২২ আগস্ট মন্ত্রিসভায় ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন হয়। ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে চূড়ান্তভাবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’ পাস হয়।


এএফ/০৫