সিলেট মিরর ডেস্ক
মে ৩০, ২০২৬
০৫:৪৩ অপরাহ্ন
আপডেট : মে ৩০, ২০২৬
০৫:৪৬ অপরাহ্ন
মেঘনার চরে আটকা পড়া দেড় শতাধিক পর্যটক উদ্ধার
লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীবেষ্টিত চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে আটকা পড়া দেড় শতাধিক পর্যটককে উদ্ধার করেছে প্রশাসন। শুক্রবার গভীর রাতে তাদের নিরাপদে তীরে ফিরিয়ে আনা হয়।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কয়েকটি ইঞ্জিনচালিত ট্রলারে করে পর্যটকেরা চর আব্দুল্লাহতে বেড়াতে যান। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় মেঘনা নদী উত্তাল হয়ে ওঠায় নিরাপদে ফিরে আসা সম্ভব হয়নি। ফলে নারী, পুরুষ ও শিশুসহ দেড় শতাধিক পর্যটক চরে আটকা পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও নৌপুলিশ পাঠানো হয়। পরে রাতে নদীতে জোয়ার আসার পর আটকা পড়া পর্যটকদের উদ্ধার করে আলেকজান্ডার এলাকায় নিয়ে আসা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, চরে ঘুরতে গিয়ে দেড় শতাধিক মানুষ আটকা পড়েছিলেন। জোয়ার আসার পর রাতে তাদের নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বলেন, আটকা পড়া পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশাসন উদ্বিগ্ন ছিল। খবর পাওয়ার পরপরই থানা-পুলিশ ও নৌপুলিশকে সেখানে পাঠানো হয়। পরে সবাইকে নিরাপদে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে।
জিসি / ০৩