সিলেট মিরর ডেস্ক
মে ২২, ২০২৬
০৩:৩১ অপরাহ্ন
আপডেট : মে ২২, ২০২৬
০৩:৩১ অপরাহ্ন
পে স্কেল ১ জুলাই থেকে কার্যকর, বৈঠকে এলো যেসব সিদ্ধান্ত
সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে উচ্চপর্যায়ের পুনর্গঠিত কমিটির বৈঠকে ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবারের বৈঠকে নবম পে স্কেলের বিভিন্ন দিক পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের জন্য গঠিত তিনটি পৃথক কমিটি তাদের প্রতিবেদন উপস্থাপন করে। এতে তিনটি প্রতিবেদনের মধ্যে দুটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে বেতন ভাতা বৃদ্ধি ও বাজেট সামঞ্জস্যতা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পায়। তৃতীয় প্রতিবেদনটি পরবর্তী বৈঠকে আলোচনার কথা রয়েছে।
সূত্র জানায়, নতুন পে স্কেল বাস্তবায়নে আর্থিক চাপ মোকাবেলায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার বিশেষ ‘থোক বরাদ্দ’ সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।
এ দিকে, পুরো প্রক্রিয়াটি বাস্তবসম্মত এবং ত্রুটিমুক্ত করতে আরো কয়েকটি বৈঠকের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগলেও আগামী ১ জুলাই থেকে নবম পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
অর্থ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সরকারি কর্মচারীদের প্রত্যাশা যেমন বিবেচনায় রাখা হচ্ছে, তেমনি সরকারের রাজস্ব সক্ষমতার দিকটিও গুরুত্ব পাচ্ছে। এ দুইয়ের মধ্যে ভারসাম্য রেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সরকার ইতিমধ্যে নবম পে স্কেল পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ‘জাতীয় বেতন কমিশন’, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন’ এবং ‘সশস্ত্রবাহিনী বেতন কমিটি’র সুপারিশ পর্যালোচনার জন্য পুনর্গঠিত কমিটি গঠন করেছে।
জিসি / ০২