যত বেশি বইমেলা হবে, তত বেশি সমাজ এগিয়ে যাবে: মিফতাহ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক


মে ১৯, ২০২৬
০৫:০০ পূর্বাহ্ন


আপডেট : মে ১৯, ২০২৬
০৫:০০ পূর্বাহ্ন



যত বেশি বইমেলা হবে, তত বেশি সমাজ এগিয়ে যাবে: মিফতাহ সিদ্দিকী
সিলেটে প্রকাশক পরিষদের বইমেলাহ সমাপনী


সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ‘বইমেলা যদি সুস্থ ও শুদ্ধ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে হয়, যত বেশি বইমেলা হবে, তত বেশি সমাজ এগিয়ে যাবে। আমরা আমাদের সিলেটকে সামনে এগিয়ে নিতে চাই। বারো মাসে অনেকগুলো বইমেলা হবে। যত বইমেলা হবে, যত বেশি সংস্কৃতি চর্চা হবে, বইয়ের পাঠক তৈরি হবে, বইপাঠের মধ্য দিয়ে সিলেটও এগিয়ে যাবে।’

সোমবার (১৯ মে) রাতে সিলেটৈ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রকাশক পরিষদ, সিলেট আয়োজিত বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রকাশক পরিষদের সভাপতি নাজমুল হক নাজুর সভাপতিত্বে ও জান্নাতুন নাজনিন আশার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক লে. মো. মনিরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাজকুর পাভেল ও সংগঠক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ জাবেদ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, ‘সিলেট অনেক দিক দিয়ে অনেক পিছিয়ে পড়েছে। বর্তমান সরকার সেই দিকে বিশেষ নজর রাখছে। উত্তরণের পথে পা দিয়েছে। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদেরও প্রস্তুতি নিতে হবে। ২০২৪ সালের ৫ আগস্টের আগে চিন্তার সংকীর্ণতা ছিল। সবাইকে মুক্তচিন্তার সুযোগ করে দিতে এই সরকার বদ্ধপরিকর।’

বাকস্বাধীনতা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের সেলফ সেন্সরশিপ থাকতে হবে। পরিমিতি বোধ থাকতে হবে। আমরা বই পড়ার মধ্য দিয়ে সুপ্রবৃত্তিকে জাগ্রত করব, কুপ্রবৃত্তিকে দমন করব।  আমাদের আগামীর প্রজন্ম বেড়ে উঠবে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে। এই পরিবেশ করে দেওয়ার দায়িত্ব আমাদের সবার। এ জন্য সম্মিলিত প্রয়াস নিতে হবে। ’


অনুষ্ঠানে অতিথিদের বই দিয়ে বরণ করেন প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান ও সদস্য রাজীব চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে শহীদ মিনারকেন্দ্রীক বইমেলার উদ্যোক্তা হিসেবে জার্মানপ্রবাসী সংগঠক মোমেন এম রোমান এবং বাংলাদেশ পুস্তক ও প্রকাশনা সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে ‘প্রথম আয়োজক সম্মাননা’ দেওয়া হয়। সম্মাননা গ্রহণ করে মিজানুর রহমান অনুষ্ঠানমঞ্চে প্রকাশক পরিষদের সংগঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রকাশক পরিষদ আয়োজিত আট দিনব্যাপী বইমেলা শুরু হয়েছিল গত ৮ মে। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা চলাকালে ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে লেখক-পাঠকসহ সংস্কৃতি অঙ্গনের মানুষজনের মিলনমেলায় রূপ নিয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন। আগামীতে আরও বড় পরিসরে বইমেলা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন প্রকাশক পরিষদের নেতৃবৃন্দরা।


এএফ/০১