বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন পুলিশের, কাল থেকে সিলেটে বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক


মে ০৯, ২০২৬
০৮:১০ অপরাহ্ন


আপডেট : মে ০৯, ২০২৬
০৮:১০ অপরাহ্ন



বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন পুলিশের, কাল থেকে সিলেটে বইমেলা শুরু


প্রথমে অনুমতি দিয়ে বইমেলা শুরুর আগের দিন সেই অনুমতি বাতিল করে দেয় সিলেট মহানগর পুলিশ। এতে করে বন্ধ হয়ে যায় এই আয়োজন। প্রায় দুই সপ্তাহ পর পুলিশ বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসায় আগামীকাল রবিবার (৯ মে) থেকে শুরু হচ্ছে প্রকাশক পরিষদের আট দিনব্যাপী বইমেলা। 

মেলা আয়োজনের সবুজ সংকেত পাওয়ার পর ফের সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলছে জোর প্রস্তুতি। তৈরি হচ্ছে বইয়ের স্টল, মঞ্চসহ মেলার আনুষাঙ্গিক অস্থায়ী অবকাঠামো। 

প্রকাশক পরিষদ সিলেট আয়োজিত বইমেলা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সহযোগিতায় থাকছে সিলেট মহানগর পুলিশ, সিলেট সিটি করপোরেশন ও জেলা পরিষদ সিলেট।

রবিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলা উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

আয়োজক সংগঠন প্রকাশনা পরিষদের সাধারণ সম্পাদক ও নাগরি প্রকাশনের প্রকাশক সুফি সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, ‘পুলিশ প্রশাসনের যথাযথ অনুমতি নিয়েই গত ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বইমেলার আয়োজন করা হয়েছিল। কিন্তু আগের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে বইমেলা আয়োজনের অনুমোদন বাতিল করে পুলিশ প্রশাসন।’

বইমেলা নিয়ে কথিত অভিযোগগুলোর বিসয়ে পুলিশ দুই সপ্তাহের তদন্তে কোনো সত্যতা পায়নি জানিয়ে সুফি সুফিয়ান বলেন, ‘এরপর পুলিশ প্রশাসন আমাদের বইমেলা করার অনুমতি দিয়েছে। ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলা অনুষ্ঠিত হবে।’

মেলার অনুমতি পাওয়ার পর সংক্ষিপ্ত সময়ে মেলা আয়োজন করতে গিয়ে কিছুটা হিমশিম খেতে হচ্ছে জানিয়ে সুফি সুফিয়ান বলেন, ‘দ্রুত স্টল, মঞ্চ প্রস্তুতসহ প্রস্তুতির কাজ চলছে। আশা করা যায় সুন্দরভাবে শুরু করা যাবে। হয়তো ঢাকার দু-একটি প্রকাশন প্রথম দিন মেলায় অংশ নিতে পারবে না। পরদিন থেকে তাদের স্টল চালু থাকবে।’

এর আগে গত ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এই বইমেলা অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু ১ মে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে অনুমতি বাতিল করে পুলিশ। তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৫ সালের ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি সিলেটে বইমেলার আয়োজন করেছিল প্রকাশক পরিষদ সিলেট। সেই সময়ও একইভাবে মব আতঙ্কে বইমেলার অনুমতি বাতিল করা হয়। ওই ঘটনা তখন ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 

এবার নির্বাচিত সরকারের আমলে বইমেলার মতো সৃজনশীল আয়োজন বাধাগ্রস্ত হওয়ার ঘটনায় সিলেট ছাড়াও দেশ-বিদেশে সাহিত্য, সংস্কৃতি অনুরাগীরা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন বইমেলা ঠেকাতে তোলা অভিযোগগুলো খতিয়ে দেখে। পরে সত্যতা না পেয়ে প্রকাশক পরিষদকে বইমেলা আয়োজন করার কথা বলে।


এএফ/০৩