স্বামীসহ জাবির সাবেক ভিসি ফারজানার আয়কর নথি জব্দের আদেশ

সিলেট মিরর ডেস্ক


মে ০৭, ২০২৬
০৩:১০ অপরাহ্ন


আপডেট : মে ০৭, ২০২৬
০৩:৩৪ অপরাহ্ন



স্বামীসহ জাবির সাবেক ভিসি ফারজানার আয়কর নথি জব্দের আদেশ

স্বামীসহ জাবির সাবেক ভিসি ফারজানার আয়কর নথি জব্দের আদেশ


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ফারজানা ইসলাম ও তার স্বামী আকতার হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক খোরশেদ আলম আবেদনটি করেন।

আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং স্বামী, ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে অভিযোগ-সংশ্লিষ্ট ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট ও প্লট কেনার তথ্য পাওয়া গেছে। একইসঙ্গে বিপুল পরিমাণ অবৈধভাবে অর্জিত সম্পদ গোপনের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ফারজানা ইসলাম ও তার স্বামী আকতার হোসেনের মূল আয়কর স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।

জিসি / ০৩