নিজস্ব প্রতিবেদক
মে ০৬, ২০২৬
০৮:৩৫ অপরাহ্ন
আপডেট : মে ০৬, ২০২৬
০৮:৩৫ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে রায়হান (১৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের পাশে বালুচর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
আজ সোমবার (৬ মে) বিকেল ৪টার দিকে সঙ্গীদের সঙ্গে পুকুরে নামলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, বিকাল ৪ টার দিকে পুকুরে গোসল করতে নামে রায়হানসহ অন্যরা। রায়হানের সঙ্গে বন্ধু মোজাম্মেল ও আদনানসহ ৬ জন পুকুরে গোসল করতে নামে। রায়হান সাঁতরে মাঝ পুকুরে যাওয়ার পর হঠাৎ করে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকে। এ সময় তারা সাঁতরে গিয়ে রায়হানকে বাঁচানোর জন্য ফোম এগিয়ে দিলেও ফোম ভেঙে রায়হান তলিয়ে যায়।
তাদের চিৎকারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নিরাপত্তা কর্মীরাও পুকুরে নেমে রায়হানকে খোঁজা শুরু করে। শেষে ফায়ার সার্ভিসের ডুবুরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নিরাপত্তা কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ৩ ঘন্টা পরে রায়হানকে খুঁজে পেতে সক্ষম হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এএফ/০২