হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ : আব্বাস আরাগচি

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৭, ২০২৬
০৪:০৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৭, ২০২৬
০৪:০৩ অপরাহ্ন



হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ : আব্বাস আরাগচি



মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয়টি দেশের জাহাজে বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার দেওয়া ওই সাক্ষাৎকারে আরাগচি জানান, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও বাংলাদেশের মতো দেশগুলোর জাহাজ চলাচলের জন্য ইরান তাদের নৌবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। এই দেশগুলোর সরকার ইরানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করেছে।যার ভিত্তিতে এই নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ করা নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমের দাবি সঠিক নয় উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি, সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। হরমুজে নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য অনেক দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং অনুরোধ জানিয়েছে। তাদের মধ্যে অনেক দেশকে আমরা মিত্র বলে মনে করি।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যতদূর জানি, হরমুজ প্রণালিতে ছয়টি দেশের বাণিজ্যিক জাহাজে হামলা করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর)। এই দেশগুলো হলো—চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত ও বাংলাদেশ। এসব দেশের সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের সঙ্গে সমন্বয় করে চলতে সম্মতিও জানিয়েছে।

এই ছয় দেশের বাণিজ্যিক জাহাজগুলো সব সময়, এমনকি যুদ্ধের পরও হরমুজ প্রণালিতে নির্বিঘ্নে চলাচল করতে পারবে।’

আরাগচি আরো ইঙ্গিত দিয়েছেন, ‘যেসব দেশ ইরানের শত্রু হিসেবে পরিচিত বা চলমান যুদ্ধের সঙ্গে জড়িত, তাদের কোনো জাহাজ এই পথ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। তিনি জানান, বর্তমান সংকটে ভূমিকা রাখা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় নির্দিষ্ট কিছু দেশের জাহাজকে এই প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। পুরো অঞ্চলটি একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, তাই আমাদের শত্রু এবং তাদের মিত্রদের জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার কোনো কারণ নেই।তবে অন্যদের জন্য এটি খোলা থাকবে।’

জ্বালানি পণ্য পরিবহনের জন্য আন্তর্জাতিক বাণিজ্যপথ হিসেবে হরমুজ প্রণালি খুবই গুরুত্বপূর্ণ। জ্বালানির বৈশ্বিক বাজারের এক-পঞ্চমাংশ পণ্য এই পথ দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। এর ফলে জ্বালানির আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, জ্বালানি তেলের দাম বাড়ছে। ফলে বিশ্বের বহু দেশ ভোগান্তিতে পড়েছে।


এনডিটিভি/এএফ-০২