কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: ৩ তদন্ত কমিটি গঠন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২২, ২০২৬
০২:৪৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২৬
০২:৫৬ অপরাহ্ন



কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: ৩ তদন্ত কমিটি গঠন

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: ৩ তদন্ত কমিটি গঠন


কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কার সঠিক কারণ খুঁজে বের করতে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, অপরটি কুমিল্লা জেলা প্রশাসন। এই তিন কমিটিকেই আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

কুমিল্লা জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটিতে জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন, কুমিল্লা রেলওয়ের স্টেশন মাস্টার এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন।

অপরদিকে, রেলওয়ে কর্তৃপক্ষের দুইটি তদন্ত কমিটির একটি বিভাগীয় এবং অপরটি জোনাল। ৬ জন করে দুটি কমিটিতে ১২ জনকে সদস্য করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ১২ জন নিহত হন। আহত হয়েছেন অনেকে।

এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়। এছাড়া, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব এ উদ্ধার অভিযানে অংশ নেয়।

সকাল ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা ঘোষণা করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।

জিসি / ০২