সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
১১:৪৩ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২৬
০৩:৩৪ পূর্বাহ্ন
মায়ানমারে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশেও মৃদুভাবে অনুভূত হয়েছে। রাজধানী ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে এ কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন অনেকে।
ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইউটিসি সময় ১৬টা ৫১ মিনিট ৪৮ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২৩ দশমিক ০৩১ অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭৪৪ দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০১ কিলোমিটার।
কম্পনটির কেন্দ্র ছিল মায়ানমারের মোনইয়া শহর থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইকের প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। গভীরতায় উৎপত্তি হওয়ায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে রাজধানী ঢাকায় কয়েক সেকেন্ডের জন্য হালকা কম্পন অনুভূত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ভূমিকম্পের উৎসসংক্রান্ত তথ্য এখনো সিসমোলজিস্ট দ্বারা চূড়ান্তভাবে পর্যালোচনা করা হয়নি বলে জানিয়েছে ইএমএসসি।
এএফ/০১