সিলেটে ফিজায় ভেজাল, রসমেলায় অতিরিক্ত দাম রাখায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ২৫, ২০২৬
০৭:০১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২৬
০৭:০১ অপরাহ্ন



সিলেটে ফিজায় ভেজাল, রসমেলায় অতিরিক্ত দাম রাখায় জরিমানা

সিলেটে পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে পৃথক অভিযানে ভেজাল ব্যবহার ও অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে নগরের সুবিদবাজার ও মিরাবাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

সুবিদবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ফিজা ফুডের একটি শাখায় পোড়া তেল ব্যবহার করে ইফতার সামগ্রী তৈরির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু জানান, এদিন এলাকায় বিভিন্ন দোকান ও শোরুমে তদারকি করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ অভিযানে সিলেট মহানগর পুলিশ ও র‌্যাব-৯ এর সদস্যরা সহযোগিতা করেন।

অন্যদিকে বিকেলে মিরাবাজার এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে রসমেলা ফুড প্রোডাক্টসের শোরুমে পণ্যের অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় কিউ বিস্ট্রো নামের আরেকটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে র‌্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে ভেজাল ও অতিরিক্ত মূল্য আদায় ঠেকাতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরসি-০৬