সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
০২:৫৯ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২৬
০২:৫৯ অপরাহ্ন
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ দেবেন। সন্ধ্যা ৭টায় বিটিভিসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি প্রচারিত হবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান ৷ একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর মিত্ররা।
এ নিয়ে বিএনপি ষষ্ঠবারের মতো দেশ পরিচালনার সুযোগ পেল। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার দেশ পরিচালনা করেছে।
আরসি-০৫