২১ বছর পর সিলেটে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজে নগর

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২১, ২০২৬
১০:০৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২১, ২০২৬
১০:১০ পূর্বাহ্ন



২১ বছর পর সিলেটে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজে নগর

গভীর রাতে নগরে পরিষ্কার-পরিচ্ছন্নতা। ছবি: সিলেট মিরর

দীর্ঘ ২১ বছর পর আজ সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে নগরজুড়ে সাজ সাজ রব, বিরাজ করছে উৎসবের আমেজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি টহলের পাশাপাশি রাতভর নগর পরিচ্ছন্নতায় সক্রিয় ছিল সিটি করপোরেশন।

নির্বাচনী প্রচার শুরু করতে আজ বুধবার (২১ জানুয়ারি) সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বিমানযোগে তাঁর সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। রাতে তিনি বিমানবন্দরের পার্শ্ববর্তী একটি পাঁচতারকা হোটেলে রাত্রিযাপন করবেন।

বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান। এরপর সকাল ১১টায় নগরের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। এটিই হবে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রথম জনসভা।

তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। জনসভা সফল করতে প্রতিদিনই মিছিল, সমাবেশ, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো এলাকা।

জনসভার ভেন্যু আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে স্পষ্ট উৎসাহ ও উদ্দীপনা।

তারেক রহমানের সফর উপলক্ষে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। এতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তারেক রহমানকে বরণ করতে পুরো সিলেট প্রস্তুত। প্রিয় নেতার জন্য সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি বলেন, ‘তিনি শুধু আমাদের দলের চেয়ারম্যান নন, তিনি সিলেটের পরম আত্মীয়। সিলেটবাসী অতিথিপরায়ণ, আমরা অতিথিকে সম্মান ও সমাদর করতে জানি। সিলেট থেকেই তিনি সারা দেশের নির্বাচনী প্রচারণা শুরু করবেন।’

কাইয়ুম চৌধুরী জানান, বৃহস্পতিবারের জনসভায় তিন লাখের বেশি মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। এ জনসভায় সিলেটের পাশাপাশি সুনামগঞ্জের পাঁচটি আসনের বিএনপি প্রার্থী ও বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন।

এদিকে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।

বিএনপির নেতাকর্মীরা জানান, আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তিনি। পাশাপাশি একাধিক পথসভায়ও বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সবশেষ ২০০৫ সালে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। তখন তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন এবং জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। ওই সফর ঘিরে তখনও সিলেটজুড়ে ব্যাপক সাড়া পড়েছিল। প্রায় দুই দশক পর এবার তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে, নিজের শ্বশুরবাড়ির এলাকায় আবার আসছেন।

চেয়ারম্যান হওয়ার পর ঢাকার বাইরে সিলেটেই এটি তারেক রহমানের প্রথম সফর। হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করা দেশের বড় রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের রেওয়াজ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন।

সেই ধারাবাহিকতায় তারেক রহমানও সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারাভিযানের সূচনা করতে যাচ্ছেন।

আরসি-০১