সিলেটে কোর্ট থেকে ফেরার পথে সাবেক এপিপি আটক

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২০, ২০২৬
০৯:২২ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২০, ২০২৬
০৯:২৩ অপরাহ্ন



সিলেটে কোর্ট থেকে ফেরার পথে সাবেক এপিপি আটক


সিলেট জজ কোর্টের সাবেক এপিপি অ্যাডভোকেট নুরে আলম সিরাজীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে জালালাবাদ থানা এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী থেকে তাকে আটক করা হয়।

এ সময় তিনি কোর্ট শেষে বাড়ি ফিরছিলেন। নুরে আলম সিরাজীর বাড়ি জালালাবাদ থানা এলাকার সোনাতলায়। 

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব। তিনি বলেন, ‘৫ আগস্ট পরবর্তীতে মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।’

অ্যাডভোকেট নুরে আলম সিরাজী আওয়ামী লীগ সরকার আমলের শুরুর সময় জেলা জজ কোর্টের এপিপি ছিলেন। পাশাপাশি তিনি সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। ২০১৯ সালে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। 

তার সহকর্মীরা জানান, অ্যাডভোকেট নুরে আলম সিরাজী সিলেট বারের সদস্য। তিনি আইনপেশায় বেশি সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে যে মামলা, সেটাতে বাদী কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছেন তিনি ওই ঘটনায় যুক্ত নন। 



এএফ/০৩