সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫
০৯:০৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৯, ২০২৫
০৯:০৩ অপরাহ্ন
মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি মনোনয়নপত্র জমা দেন।
তাঁর মনোনয়নপত্রে সিলেট মহানগর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল প্রস্তাবনায় এবং সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমদ-এর সমর্থক ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা এনসিপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব কামরুল আরিফ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সিলেট মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব এম. আহমদ মুস্তাক ও তাসনিয়া লুবনা, সিলেট জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আখতার হোসেন, সিলেট মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ এমদাদুল হক, এবং সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এহতেশাম হক বলেন, ‘১৯৪৭, ১৯৭১ ও ’২৪-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে—আধিপত্যবাদবিরোধী দৃঢ় অবস্থান এবং একটি অর্থবহ, জবাবদিহিমূলক ও জনগণের প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে—আমাদের এই নতুন পথচলা জনগণের দোয়া, ভালোবাসা ও আস্থায়, মহান আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ বিজয়ের দিকেই অগ্রসর হবে।’
এএফ/০৯