সিলেটে ৩৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৬, ২০২৫
০৫:৪৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৭, ২০২৫
০৩:১১ পূর্বাহ্ন



সিলেটে ৩৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপির আটজন, জামায়াতে ইসলামীর তিনজন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিনজন রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে সিলেট-৩ আসনে। এ আসনে বিভিন্ন দলের মোট নয়জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। বিপরীতে সবচেয়ে কম মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে সিলেট-৬ আসনে, যেখানে এখন পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

সিলেট-১ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, গণ অধিকার পরিষদের আকমল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর সঞ্জয় কান্তি দাস এবং জাতীয় নাগরিক পার্টির এহতেশামুল হক।

সিলেট-২ আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মোছা. তাহসিনা রুশদীর লুনা ও মো. আবরার ইলিয়াস, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী ও হাফিজ লুৎফুর রহমান, গণ অধিকার পরিষদের মাইদুল ইসলাম এবং গণফোরামের তারিকুল ইসলাম।

সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিলেট-৩ আসনে। এখান থেকে মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নুরুল হুদা জুনেদ, জাতীয় পার্টির (জিএম কাদের) মোহাম্মদ আতিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী ও মইনূল বাকের, জামায়াতে ইসলামীর লোকমান আহমদ, খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক ও মো. আবুস সালাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রেদওয়ানুল হক চৌধুরী।

সিলেট-৪ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির মো. রাশেল উল আলম, বিএনপির আরিফুল হক চৌধুরী, খেলাফত মজলিসের আলী হাসান এবং জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান।

সিলেট-৫ আসনে মনোনয়নপত্র নিয়েছেন পাঁচজন প্রার্থী। তাদের মধ্যে আছেন স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ ও মো. জাকির হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান এবং জামায়াতে ইসলামীর হাফিজ মো. আনোয়ার হোসেন খান।

এদিকে সিলেট-৬ আসনে বৃহস্পতিবার পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন বিএনপির হোসেন খান হেলানা ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম এবং গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট জাহিদুর রহমান।

আরসি-০১