সিলেটে ইটভাটার ভেতরে পাইপগা*ন

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৫, ২০২৫
০৪:১০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৫, ২০২৫
০৪:১০ অপরাহ্ন



সিলেটে ইটভাটার ভেতরে পাইপগা*ন

সিলেটে ইটভাটার ভেতরে পাইপগা*ন


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একটি ইটভাটার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এ অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকে বাহিনীটি মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিলেট সদর কোম্পানির একটি আভিযানিক দল ২৪ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে গোলাপগঞ্জ থানাধীন মুরাদপুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উপজেলার মজিদপুর এলাকার হাজী শুকুর মিয়া ব্রিকস-১ ইটভাটার ভেতরে একটি পাইপগান রাখা রয়েছে।

খবর পেয়ে র‌্যাব সদস্যরা রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তল্লাশিকালে ইটভাটার ভেতরে পুরাতন ইটের খামালের ওপর ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত পাইপগানটি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা পাইপগানটি গোলাপগঞ্জ থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে

জিসি / ০৫