সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমানকে বহনকারী বিমান

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৫, ২০২৫
১১:২৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৫, ২০২৫
১২:৪২ অপরাহ্ন



সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমানকে বহনকারী বিমান


সিলেটে এক ঘন্টার বেশি সময়  গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকার পথে রওয়ানা হয়েছে। স্থানীয় সময় বেলা ১১টা ১৩ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ।

এর আগে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী জোবাইদা রহমান ও জাইমা রহমান।

এদিকে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে করে ১৯২ জন যাত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে আসলেও ৮৫ জন যাত্রীকে সিলেটে নামিয়ে দেওয়া হয়। অবশিষ্ট ১০৭ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকায় ফিরে যাবে বলে অ্যাভিয়েশন সূত্র নিশ্চিত করেছে।

এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে দলের লক্ষাধিক নেতাকর্মী ঢাকার গিয়েছেন। তবে তার আসার খবরে বিমানবন্দর এলাকার আশপাশে প্রচুর উৎসুক জনতা ভিড় জমাতে দেখা গেছে। যদিও বিমানবন্দর সড়ক থেকে ওসমানী বিমানবন্দরের যে প্রবেশমুখ সেখানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর অবস্থানের কারণে কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি।

বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান যে পথ ব্যবহার করে ৩০০ ফিটের সভাস্থলে পৌঁছবেন, তার ম্যাপ ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রানওয়ে থেকে ভিআইপি গেট হয়ে ৮ নম্বর গেট, সেখান থেকে বেবিচক ভবন থেকে বাঁ দিকে জসীমউদ্‌দীনে ইউ টার্ন নিয়ে বিমানবন্দর স্টেশন হয়ে খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে ৩০০ ফিট সড়কের সভাস্থলে পৌঁছবেন। ৮ নম্বর গেট ও ক্যান্টিন গেটে দুটি মিডিয়া বুথ থাকবে।



এএফ/০৪