নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২৫
০৫:৪৮ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৪, ২০২৫
০৫:৪৮ অপরাহ্ন
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে প্রতিষ্ঠিত ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পতেংগা পাওয়ার লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা (হাইব্রিড সিস্টেম) অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) নগরের মীরবক্সটুলার হোটেল রয়েল মার্ক এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্যে দেন বারাকা পতেংগা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী। এসময় তিনি বারাকা পতেংগা লিমিটেডের সকল শেয়ারহোল্ডারকে এই কোম্পানির সঙ্গে দীর্ঘপথ পাশে থাকার জন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
গোলাম রাব্বানী চৌধুরী বারাকা পতেংগা পাওয়ার লিমিটেডের বর্তমান কার্যক্রম, আর্থিক পারফরম্যান্স, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও প্রবৃদ্ধির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। তিনি প্রতিষ্ঠানসমূহের টেকসই উন্নয়ন, স্বচ্ছতা এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে গ্রুপের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বারাকা পতেংগা পাওয়ার লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আহমদ চৌধুরী তাঁর বক্তব্যে কোম্পানির পরিচালক ও শেয়ার হোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি উল্লেখ করেন, ‘২০২৪-২০২৫ অর্থবছরে কোম্পানির সম্মিলিত মুনাফা অর্জন করেছে ২৩.৭৫ কোটি টাকা এবং সম্মিলিত শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১ দশমিক ৩৭ টাকা। বারাকা পতেংগা পাওয়ার লিমিটেডের সাবসিডিয়ারি দুটো পাওয়ার প্ল্যান্ট কর্নফুলি পাওয়ার লিমিটেড ও বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এ বছর যথাক্রমে ৪১ দশমিক ৬৩ কোটি টাকা ও ১৪ দশমিক ৬৭ কোটি মুনাফা অর্জন করেছে।
সভায় উপস্থিত শেয়ারহোল্ডারদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এবং শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক।
১৫তম বার্ষিক সাধারণ সভায় ২% নগদ লভ্যাংশসহ অন্যান্য সকল প্রস্তাব অনুমোদিত হয়।
এর আগে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানা সম্মানিত পরিচালনা পর্ষদ ও উপস্থিত শেয়ার হোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল পর্ব আরম্ভ করেন।