নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১০, ২০২৫
১১:৪৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১০, ২০২৫
১১:৪৩ অপরাহ্ন
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আবু হান্নান দেলওয়ার হোসেন বলেছেন, ‘আমাদেরকে ম্যানুয়াল সিস্টেম ভুলে যেতে হবে। আগামী দিনে ভ্যাট সংক্রান্ত অধিকাংশ কার্যক্রম অটোমেশন পদ্ধতিতে হবে। এই বাস্তবতাকে যদি আমরা মেনে নিই তাহলে অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উদ্যোগে ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে নগরের অভিজাত হোটেল গ্র্যান্ড সিলেটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু হান্নান দেলওয়ার হোসেন আরও বলেন, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের অনলাইন রিটার্ন ফালিং প্রায় বাইশ থেকে লাখ হয়ে গেছে। মানুষ দিন অনলাইন রিটার্ন ফাইলিং আগ্রহী হচ্ছেন। সবাইকে ভবিষ্যতে অনলাইন সিস্টেম অডিটের জন্য প্রস্তুত হতে হবে।
এনবিআরের সেবাকে আরও ব্যবসায়ীবান্ধব করতে চলমান বিভিন্ন সংস্কার উদ্যোগের কথা তুলে ধরে প্রধান অতিথি বলেন, ভ্যাট ব্যবস্থাপনাকে ধীরে ধীরে ম্যানুয়াল পদ্ধতি থেকে সম্পূর্ণ অটোমেশন ব্যবস্থায় রূপান্তর করা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ই-রিটার্ন ও ই-পেমেন্টে সহায়তা দিতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তৈরি করা হয়েছে।
তিনি জানান, সরকারের উন্নয়ন প্রকল্পগুলোতে অর্থায়নের অন্যতম প্রধান উৎস হলো জাতীয় রাজস্ব বোর্ড। একটি দেশের উন্নয়ন-অগ্রগতির সঙ্গে সঙ্গে ভ্যাট ও আয়করের পরিমাণও বাড়ে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, সর্বোচ্চ রাজস্ব ভ্যাট থেকেই সংগৃহীত হয়। তাই ব্যবসার উন্নয়ন ও রাষ্ট্রের অগ্রগতির স্বার্থে ব্যবসায়ীদের স্বেচ্ছায় নিবন্ধন গ্রহণ এবং নিয়মিত ভ্যাট প্রদান করা উচিত। এটি প্রত্যেক ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ন্যায়বিচার ও বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা আত্মত্যাগ করেছে। চেতনায় নতুন বাংলাদেশ গড়ে উঠছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে হয়রানিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার খন্দকার নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট অঞ্চলের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুর রহমান।
স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কমিশনার মীর আবু আবদুল্লাহ আল-সাদত এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন রিজভী। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে গতকাল ১০ থেকে শুরু হওয়া ভ্যাট সপ্তাহ-২০২৫ ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এএফ/০৬