নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৫
০৭:১৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩১, ২০২৫
১১:৫১ অপরাহ্ন
সিলেটে নিজ বসতবাড়ির ছাদের সিড়িঘরে খুন হয়েছেন আওয়ামী লীগের এক নেতা।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আবদুর রাজ্জাক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে।
পুলিশ বলছে, নিহতের বুকের বা পাশে এবং তলপেটে ছুরিকাঘাত করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নিজ বাসার সিড়িঘরে ছুরিকাঘাতে আবদুর রাজ্জাক নিহত হন। সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে তাকে খুন করা হয়েছে। তার বুকের বা পাশে ও তলপেটে ছুরিকাঘাত করা হয়েছে। বাইরের কেউ মেরেছে কিনা কিংবা বাইরে থেকে কারো আসা সম্ভব কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতের ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাসায় যারা ছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।’
এ ঘটনায় এখানো মামলা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
এএফ/০৩