৩০ উপজেলায় বিশেষ হাম টিকাদান কার্যক্রম শুরু রবিবার

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৪, ২০২৬
০২:১৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২৬
০২:১৭ অপরাহ্ন



৩০ উপজেলায় বিশেষ হাম টিকাদান কার্যক্রম শুরু রবিবার

৩০ উপজেলায় বিশেষ হাম টিকাদান কার্যক্রম শুরু রবিবার


দেশে হামের প্রকোপ বাড়ায় ১৮টি জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল রবিবার। এদিন সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে।

শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। এ সময় তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্র বলেছেন, বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং যশোরসহ মোট ১৮টি জেলার ৩০টি উপজেলাকে এই বিশেষ কার্যক্রমের জন্য নির্বাচিত করা হয়েছে। মূলত যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেখানেই এই জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি বলেন, টিকাদান কেন্দ্রের নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তবে স্বাস্থ্যমন্ত্রী একটি বিশেষ নির্দেশনা দিয়ে বলেছেন, যেসব শিশু অসুস্থ শুধু তারাই ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে।

অনেক অভিভাবকের মনে প্রশ্ন থাকতে পারে, আগে টিকা নেয়া থাকলে আবারও দেওয়া যাবে কি না। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, যারা ইতিপূর্বে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছেন, তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবেন। একাধিকবার এই টিকা নিলেও শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা সমস্যা হওয়ার ঝুঁকি নেই।

জিসি / ০১