সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২১, ২০২৬
০৪:১৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২১, ২০২৬
০৪:১৩ অপরাহ্ন
সিলেটে প্রায় ৭০ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ
সিলেটের সীমান্তে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য ৬৯ লাখ ৯০ হাজার টাকা।
মঙ্গলবার (২১ এপ্রিল) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহল দল সিলেটের কানাইঘাট উপজেলার ব্যাটালিয়ন সদর এলাকা থেকে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৩১৬ হতে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাইনপুর এলাকার একটি পরিত্যক্ত গুদাম থেকে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। যার সিজারমূল্য ৫৯ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া একই দিন সকাল ৮টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ গুয়াবাড়ী বিওপির একটি আভিযানিক টহল দল সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩টি ভারতীয় মহিষ আটক করে। জব্দকৃত মহিষগুলোর সিজার মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় যে কোনো ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
জিসি / ০৪