নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৭, ২০২১
১২:০২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৭, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার খবর সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপারসন শুভ্র দাস রাজন। এসময় এনটিভি ও মাছরাঙা টেলিভিশনের ক্যামেরা ছিনিয়ে নেয় দুস্কৃতিকারীরা। এনটিভির ক্যামেরা তাৎক্ষণিক সাংবাদিকরা উদ্ধার করতে পারলেও মাছরাঙা টেলিভিশনের ক্যামেরা পরবর্তীসময়ে ভাঙা অবস্থায় উদ্ধার করেছে।
আজ রবিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার বেলা ২টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার খবর পেয়ে সাড়ে তিনটার দিকে সাংবাদিকরা সংবাদ সংগ্রহে সেখানে পৌঁছান। বিদ্যালয়ের পেছন দিকের রাস্তায় পৌঁছে তারা দেখতে পান জাল ভোট দেওয়া শেষে দেয়াল বেয়ে পালিয়ে যাচ্ছে জালভোট প্রদানকারীরা। ক্যামেরা হাতে সাংবাদিকদের দেখতে পেয়ে তেড়ে আসে তারা। কেন ক্যামেরা নিয়ে আসা হয়েছে এমন প্রশ্ন তুলে চড়াও হয়ে এনটিভির ক্যামেরাপারসন আনিস রহমান এবং মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপারসন শুভ্র দাস রাজনের হাত থেকে ক্যামেরা কেড়ে নেয় তারা। এসময় শুভ্র দাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ক্যামেরা নিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে এনটিভির ক্যামেরা উদ্ধার করা গেলেও মাছরাঙার ক্যামেরা তাৎক্ষণিক উদ্ধার করা যায়নি।
পরে বিকেল ৫টার দিকে মাছরাঙার ক্যামেরা একটি মসজিদের কাছে ভাঙা অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী। তিনি বলেন, ‘ক্যামেরা উদ্ধার হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে সমাধানের চেষ্টা চলছে। পরবর্তী সময়ে বিস্তারিত বলতে পারব।’
এএফ/০১