আইন বিষয়ে লেখাপড়া করলেই ভালো আইনজীবী হওয়া যায় না

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৬, ২০২১
১০:১৪ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৬, ২০২১
১০:১৪ অপরাহ্ন



আইন বিষয়ে লেখাপড়া করলেই ভালো আইনজীবী হওয়া যায় না
সিলেটে আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজে বিচারপতি

ভালো আইনজীবী হতে হলে সকল বিষয়ে লেখাপড়া করে সঠিক জ্ঞান করতে হয়। শুধু আইন বিষয়ে লেখা-পড়া করে ভালো আইনজীবী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি এএসএম আব্দুল মুবিন।  

বুধবার (১৫ ডিসেম্বর) রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক-১ মো. শিব্বির আহমদ বাবলু এবং যুগ্ম সম্পাদক-২ মুমিনুর রহমান টিটুর যৌথ সঞ্চালনায় সিলেট জেলা আইনজীবী সমিতির ঐতিহ্য ও ইতিহাসের প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এএসএম আব্দুল মুবিন বলেন, আমি এই বারের সদস্য ছিলাম। এই বারেই আমার আইনপেশার যাত্রা শুরু হয়। আজ আমি বিচারপতি হয়েছি। সঠিকভাবে আইনপেশায় নিয়োজিত থাকলে এই বারের বিজ্ঞ সদস্যদের মধ্য থেকে আরও বিচারপতি পাবে সিলেট। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান, সিলেটের মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এএফ মো. রুহুল আনাম চৌধুরী (মিন্টু), বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য মো. মিছবাহ উদ্দিন সিরাজ, সরকারি কৌঁসুলি মো. রাজ উদ্দিন, সিলেটের পাবলিক প্রসিকিউটর মো. নিজাম উদ্দিন, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর নওশাদ আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির যৌথভাবে নির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফজলুল হক সেলিম ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই আল কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মো. আব্দুর রহমান চৌধুরী ও গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাশ চৌধুরী।

বিশেষ অতিথি মো. রাজ উদ্দিন, মো. নিজাম উদ্দিন ও নওশাদ আহমদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যথাক্রমে সহ-সম্পাদক কবির আহমদ, মো. কাওছার আহমদ ও মোবারক হোসাইন।

এবছর সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে আইনপেশায় ২৫ বছর পূর্ণ হওয়া ১৬ আইনজীবী মো. গোলাম হোসন, সৈয়দ শায়েখ আহমদ, শামীম আহমদ সিদ্দিকী, শ্যামল সিংহ, মো. আব্দুল মালেক, মো. আব্দুল আজিজ, মো. জালাল উদ্দিন, মো. মফিজুর রহমান, মো. আব্দুল মজিদ খান (মানিক), বিশ্বজিৎ চক্রবর্ত্তী, মো. হুমায়ুন কবীর বাবুল, মো. আব্দুর রহমান চৌধুরী, মো. কামাল হোসেইন, মোহাম্মদ আখলাকুল আম্বিয়া, মো. রেদওয়ান আহমদ চৌধুরী ও মো. নুরুল আনাম চৌধুরী অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথির নিকট থেকে সম্মাননা স্বারক গ্রহণ করেন। 

এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সমিতির সদস্যদের ২১ জন মেধাবী সন্তানকে এককালিন বৃত্তি ও সনদ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। 

নৈশভোজ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজ বিষয়ক সম্পাদক মো. আজিম উদ্দীন ও সহ-সমাজ বিষয়ক সম্পাদক মো. মকসুদ আহমদ যৌথ সঞ্চালনায় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আমিরুল মোমেনীন মানিক, সিলেটের সিলেটী গানের জনপ্রিয় শিল্পী ডা. জহির অচীনপুরী, সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ, বাংলাদেশ মডেল এর ৩য় স্থান অধিকারী মন্টি সিন্হা, বাংলাদেশ বেতার ও টিভির সঙ্গীত শিল্পী অনিন্দীতা অপি ও ‘রবি সেরা কন্ঠ’ কন্ঠশিল্পী বিথী চৌধুরী এবং পার্কীউশনে ছিলেন সঞ্জিব, প্যাডে জয়, কি-বোর্ডে আমিন, বেইজ গিটারে রায়হান।

অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ ছাড়াও সিলেট জজ শীপের বিচারকবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। 

আরসি-০৯