ওসমানীনগর প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২১
০১:৪৭ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২১
০১:৪৭ পূর্বাহ্ন
ওসমানীনগরে একরাতে একটি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বাসায় চুরি এবং একটি ক্ষুদ্রঋণ সংস্থার কার্যালয়ে চুরির চেষ্টা করা হয়েছে। এঘটনায় জনমনে আতংক দেখা দিয়েছে।
জানা যায়, রবিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার গোয়ালাবাজার স্কুল রোডে জুনাইদ ভেরাইটিজ স্টোরে তালা ভেঙ্গে দূর্বৃত্তরা নগদ টাকাসহ ৩৫ হাজার টাকার মালামাল লুট করে। এবং দোকানে থাকা দুটো ভ্যান রিকশা ও ফ্রিজ নিয়ে যায়।
দোকান মালিক সুলতান মিয়া বলেন, সোমবার ভোরে স্থানীয় একজন দোকানের তালা খোলা দেখে আমাকে ফোন দিলে আমি তাৎক্ষণিক বাড়ি থেকে এসে চুরির ঘটনাটি দেখতে পাই। পরবর্তীতে দোকান থেকে ক্ষানিকটা দূরের ধানি জমিতে ফ্রিজ ও ভ্যান দুটো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করি।
এছাড়াও একই রাতে দোকান পাশ্ববর্তী আক্কাস মিয়া ও ফয়সল মিয়ার বাসায় চুরি সংঘটিত হয়েছে।
আক্কাস মিয়া জানান, রাত ১০টার দিকে তিনিসহ তার পরিবারের লোকজন খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাতের এক ফাঁকে মূল দরজার ছিটকিনি ভেঙ্গে নগদ ৮০ হাজার টাকা, ৫টি মোবাইলসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। ভোর রাতে ঘুম ভাঙ্গলে তারা বিষয়টি বুঝতে পারেন।
পার্শ্ববর্তী বাসার ফয়সল মিয়া জানান, একই কায়দায় দরজার ছিটকিনি ভেঙ্গে দূর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে একটি স্পীকার ও লাইট নিয়ে যায়।
এদিকে একই সময়ে গোয়ালাবাজার সরকারি মহিলা কলেজের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ভ্যান্টিলেটর ভেঙ্গে ভবনে প্রবেশের চেষ্টা চালায় দূর্বৃত্তরা।
ব্যাংকটির গোয়ালাবাজার শাখার সহকারী ম্যানেজার আজগর আহমদ খান জানান, স্টীলের গ্রীল দেওয়া ভ্যান্টিলেটর শক্ত কিছু দিয়ে ভাঙ্গার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রচন্ড শব্দে আশপাশের লোকজন সজাগ হয়ে যাওয়ায় দূর্বৃত্তরা পালিয়ে যায়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, এক সাথে এরকম চুরি অবশ্যই রহস্যজনক। এ সকল ঘটনায় জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি এলাকাজুড়ে পুলিশের নৈশ টহল জোরদার করা হচ্ছে।
ইউডি/আরসি-১৭