সিলেটজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, আগাম বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৩, ২০২৬
১১:২৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৩, ২০২৬
১১:২৫ অপরাহ্ন



সিলেটজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, আগাম বন্যার শঙ্কা

দীর্ঘ শুষ্ক মৌসুমের পর ফাল্গুন–চৈত্র মাসে বৃষ্টিপাত সাধারণত বোরো ধানের জন্য আশীর্বাদ হয়ে আসে। এতে সেচের চাপ কমে এবং ধান চাষে সুবিধা হয়। তবে এই বৃষ্টি দীর্ঘায়িত হলে তা কৃষকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। ইতিমধ্যে সিলেটজুড়ে টানা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার সকালে সিলেটে স্বস্তির বৃষ্টি নামে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এই বৃষ্টিপাতকে ঘিরে কৃষকদের মধ্যে উদ্বেগও বাড়ছে। অনেকের আশঙ্কা, বৃষ্টি দীর্ঘায়িত হলে ২০১৭ সালের মতো আগাম বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে।

বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস এবং আবহাওয়া বিশ্লেষকদের দেওয়া তথ্যমতে, শুক্রবার থেকে আগামী প্রায় ১০ দিন সিলেট বিভাগ এবং এর উজানে ভারতের মেঘালয় রাজ্যে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। টানা এই বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

২০১৭ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়েও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। সে সময় ধারাবাহিক বৃষ্টিপাতের পর মার্চের শেষ সপ্তাহ থেকে উজান থেকে ঢলের পানি নামতে শুরু করে। বৈশাখ আসার আগেই সিলেট বিভাগ ও পার্শ্ববর্তী জেলাগুলোর প্রায় পুরো বোরো ধান পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৭ মার্চ পর্যন্ত সিলেট বিভাগসহ রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

অন্যদিকে ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মেঘালয় রাজ্যের বিভিন্ন জেলায় ১৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের প্রভাব বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ‘গোধূলি’ নামে একটি বৃষ্টিবলয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের ওপর সক্রিয় রয়েছে। এর প্রভাবে ১৭ মার্চ পর্যন্ত সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে কানাডা প্রবাসী আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে উল্লেখ করেছেন, আগামী ২৩ মার্চ পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন জেলায় প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় মোট বৃষ্টিপাত ৫০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এতে ২০১৭ সালের মতো আগাম পাহাড়ি ঢল নামার ঝুঁকিও তৈরি হতে পারে।

এ পরিস্থিতিতে কৃষকরা আবহাওয়া পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছেন। বিশেষ করে হাওরাঞ্চলের বোরো ধান নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

আরসি-০২