নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৩, ২০২৬
১১:২১ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৩, ২০২৬
১১:২১ অপরাহ্ন
রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
গতকাল শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। বিষয়টি কূটনৈতিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।’
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘গত দেড় দশক ভারতের সঙ্গে বাংলাদেশের প্রকৃত সম্পর্ক ছিল না, ছিল শেখ হাসিনার সঙ্গে। ভবিষ্যতে সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণের মধ্যে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারত থেকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারত সরকার নিশ্চিত করলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।’
হাদী হত্যাকাণ্ডের অভিযুক্তদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে এখনো কিছু জানায়নি। তবে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।’
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের আপস করা হবে না জানিয়ে তিনি বলেছেন, ‘আইনে যা আছে সে অনুযায়ী প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে এবং এ ক্ষেত্রে সরকারের পূর্ণ সমর্থন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। দলীয় প্রভাব খাটিয়ে কেউ যদি মামলা করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই অঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। সিলেটকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সিলেটের উন্নয়নের জন্য সর্বোচ্চ বাজেট নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সরকার তা করবে।’
আরসি-০১