আমিরাতে ড্রোন হামলায় নিহত আলীর মরদেহ বাড়ি পৌছে দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

নিজস্ব প্রতিবেদক


মার্চ ০৯, ২০২৬
০৬:৪০ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৯, ২০২৬
০৬:৪৩ অপরাহ্ন



আমিরাতে ড্রোন হামলায় নিহত আলীর মরদেহ বাড়ি পৌছে দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ


মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী বাংলাদেশি সালেহ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে।

আজ সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা হয়ে বিমানের ফ্লাইটে তার মরদেহ সিলেট পৌঁছে।

এদিন সকাল ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আহমেদ আলীর লাশ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী নিজে নিহত প্রবাসীর লাশ মৌলভীবাজার জেলার বড়লেখায় নিজ বাড়িতে নিয়ে পৌঁছে দেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আহমেদ আলী গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকায়। সংযুক্ত আরব আমিরাতে তিনি পানি সরবরাহের গাড়ি চালাতেন। গত ২৮ ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় তিনি নিহত হন। তার ছোট দুই ভাই জাকির হোসেন ও বোরহান আহমদও একই শহরে বসবাস করেন।

তারাই মূলত পরিবারের কাছে আহমেদ আলীর মৃত্যুর খবর জানান।

সিলেট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত আলীর মরদেহ গ্রহণ করার সময় বিমানবন্দরে সিলেট বিভাগীয় কমিশনার মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকায় লাশ গ্রহণ ও ঢাকা থেকে সিলেটের মৌলভীবাজারে মরদেহের নিজ বাসভবনে পৌঁছানো পর্যন্ত সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


এএফ/০১