জুড়ীতে এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা

কুলাউড়া প্রতিনিধি


ফেব্রুয়ারি ১১, ২০২৬
০৪:৪৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২৬
০৫:৩৫ পূর্বাহ্ন



জুড়ীতে এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা
অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে



জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর ১১ ফেব্রুয়ারি রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী নাসিরুদ্দিন মিঠু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। 

অভিযোগ অনুযায়ী, নাসিরুদ্দিন মিঠুর নেতৃত্বে সশস্ত্র সহযোগীরা জামায়াত ও এনসিপিসহ জোটের নেতাকর্মীদের ওপর বর্বর সন্ত্রাসী হামলা চালায়।

এই হামলায় জাতীয় যুবশক্তি মৌলভীবাজার জেলা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুলাউড়া উপজেলার যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেল, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের বড় ভাইসহ একাধিক নেতাকর্মী গুরুতর আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলার পরও সহিংসতা থামেনি। আহত অবস্থায় একটি গাড়ির চালককে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং অভিযোগকারীরা বলছেন, বিএনপি প্রার্থী নাসিরুদ্দিন মিঠুর নেতৃত্বে এলাকায় প্রকাশ্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে।

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে আমাদের উপর হামলা হয়। আমি নিজেও আহত হই তাদের হামলায়।

এবিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু বলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমানসহ কয়েকজন শিলুয়া এলাকায় যান। সেখানে গিয়ে টাকা বিতরণ করার চেষ্টা করলে আমার নেতাকর্মীরা বাঁধা দেয়। এদিকে আরও কয়েকজন আমার বাসার সামনে হামলা করার চেষ্টা করে। আমি ইউএনও কে বিষয়টি অবগত করেছি। 

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তেগীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। গেলে আপনাদেরকে বলতে পারব সেখানে কি ঘটেছে।


জিএইজেড-০১/এএফ-০১