ধানের শীষে ভোট দিলে এলাকার উন্নয়ন আর কাগজে আটকে থাকবে না: এম এ মালিক

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৮, ২০২৬
০৭:২০ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২৬
০৭:২০ অপরাহ্ন



ধানের শীষে ভোট দিলে এলাকার উন্নয়ন আর কাগজে আটকে থাকবে না: এম এ মালিক


সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, ‘ধানের শীষের পক্ষে ভোট দিলে এলাকার উন্নয়ন আর কাগজে আটকে থাকবে না, বাস্তবে রূপ নেবে।‘ তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠিত হলে বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জসহ দক্ষিণ সুরমা অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।’

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা তিনটায় সিলেটের বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

জনসভায় মোহাম্মদ আব্দুল মালিক বলেন, ‘বিএনপি সরকার গঠন হলে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করা হবে এবং বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় দেশ পরিচালিত হবে। তিনি বালাগঞ্জকে শহীদ নেতা ইলিয়াস আলীর ঘাঁটি উল্লেখ করে বলেন, এই মাটিতে বিএনপির শিকড় গভীর।’

আগামী ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট দিতে দলমত নির্বিশেষে সবাইকে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠিত হলে বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জসহ দক্ষিণ সুরমা অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।’

এম এ মালিক বলেন, ‘রাস্তাঘাট, ব্রিজ, নদীভাঙন রোধ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন—এই এলাকার মানুষের যে কাঙ্ক্ষিত অর্জন, তা একমাত্র বিএনপি সরকারের মাধ্যমেই সম্ভব।’ অতীতেও বিএনপি সরকার উন্নয়ন করেছে এবং ভবিষ্যতেও করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

যুক্তরাজ্য বিএনপির সাবেক এই কান্ডারী বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হলে এই অঞ্চলের মানুষের দুঃখ-কষ্টের অবসান হবে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে নদীভাঙন প্রতিরোধ, ব্রিজ নির্মাণ, রাস্তাঘাট কার্পেটিং, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও মন্দির উন্নয়নের বিষয়গুলো স্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে।’

আগামী ১২ তারিখে সবাইকে মা-বোন, চাচা-চাচি, খালা, দাদি-নানিসহ পরিবার পরিজন নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষের পক্ষে ভোট দিলে এলাকার উন্নয়ন আর কাগজে আটকে থাকবে না—বাস্তবে রূপ নেবে।

 জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন আহমেদ।

জনসভায় আরো উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনে সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বালাগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লুৎফর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া,  বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ জামাল খলকু, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু,  বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমেদ, সদস্য সচিব দেলওয়ার হোসেন মকিদ, বালাগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল হক, বালাগঞ্জ ছাত্রদলের আহবায়ক আবুল মাহমুদ, সদস্য সচিব জাহাঙ্গীর মিয়াসহ জেলা, উপজেলা, ইউরোপ, আমেরিকা, ইউকেসহ সারাবিশ্ব থেকে আগত বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় মুরব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এএফ/০১